
বিলাসপুর সেন্ট্রাল জেল। দুটো রাত কেটে গেছে। ঘুম হয় নি। দেয়ালে পিঠ দিয়ে বসে ছিলাম। দিদি আমার কাঁধে মাথা রেখে একটু ঝিম মেরে রয়েছিল। আমরা খুনি নই, নিজের গায়ে চিমটি কেটে দেখেছি -- এটা সত্যি না ব্যাড ড্রিম। আনফরচুনেটলি সত্যি। একেবারে কাফকা মার্কা। পিজি ক্লাসে কাফকার ‘দি ট্রায়াল’ পড়াই। কখনও ভেবেছি এইরকম কাফকেস্ক অভিজ্ঞতা আমাদের দু’বোনের কপালে জুটবে? আমরা দুই বোন, সংস্কৃত সাহিত্য ও ইংলিশ লিটারেচারে ডক্টরেট, তাও শান্তিনিকেতন থেকে — আমরা আজ ছত্তিশগড়ের জেলে আন্ডার ট্রায়াল প্রিজনারদের সেকশনে বন্দী! খুনের দায়ে, ভাবা যায়? আমাদের মোবাইল পর্য্যন্ত চালাকি করে বুড়ারে সেই মোটা মত লোকটা পরীক্ষা করার অজুহাতে সীজ করে নিয়েছে। ... ...

একদিন বিবিসিতে দেখলাম, দুটো প্লেন মিলে ১১০ তলার দুটো বাড়িকে মাটিতে মিশিয়ে দিল। লো-অ্যাঙ্গেলে ক্যামেরা রাখা। তাতে বারবার ধরা পড়ছে, কালো আর ছাই-ছাই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আমেরিকা, বিল্ডিংদুটো রংমশালের ফুরিয়ে আসার মতো নেমে আসছে। ... ...

তবে মোহনবাগানের জন্মটা কেবল বৃটিশ আমোদের অনুকরণ একথা আমার সত্যি বলে মনে হয় না, কারণ এই জন্মের সূত্রে ভূপেন বোস, সেন পরিবার ও অন্যান্য নক্ষত্রের এক বিরল সমাবেশ তৈরি হয়েছিল। মোহনবাগানের জন্মদাতারা তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ে হয়ে উঠেছিলেন দেশমাতৃকার সৈনিক। কয়েকজনের কথা একে একে বলি। প্রথমে স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে দিয়েই শুরু করি - কারণ তিনি আমার দেশের বাড়ি যেখানে, সেই বসিরহাটের লোক। রাজেন মুখুজ্যে হলেন তৎকালীন ভারতের এক যশস্বী শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার। ... ...

মোহনবাগান ই-লাইব্রেরি ফেসবুক পেজে নবনীতা দেবসেনের একটা চমৎকার ছড়া পেলাম। "যদি মোহনবাগান জেতে,/ ঢাকঢোল আর সানাই নিয়ে / উঠবে শহর মেতে। / যদি মোহনবাগান হারে? / এক মিনিটে লোডশেডিং হয় / হৃদযন্ত্রের তারে।" ... ...

শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব তাঁর পালক পিতা গোপীমোহন দেবের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ফড়িয়াপুকুরে এক বিরাট বাগান পেয়েছিলেন। সেই বাগানই মোহনবাগান, গোপীমোহনের উত্তরপুরুষের কাছ থেকে যা কিনে নেন প্রখ্যাত পাট ব্যবসায়ী কীর্তি মিত্র। তিনি ঐ বাগানে তখনকার ডাকসাইটে স্থপতি নীলমণি মিত্রকে দিয়ে নকশা করিয়ে মোহনবাগান ভিলা নামে শ্বেতপাথরের এক চোখ ধাঁধানো বিশাল প্রাসাদ নির্মাণ করেন এবং সেখানে বসবাস শুরু করেন, যদিও বেশিদিন এই প্রাসাদ তিনি ভোগ করতে পারেন নি। ... ...

ধরে নাও, সমুদ্রতীরের কোনও শহরে আমার আর তোমার দেখা হয়ে গেল, বহুদিন পর, প্রথমবারের মতো। দু'জনেই অন্তরে বেশ অবাক, কিছুটা ক্ষুণ্ণই হলাম একে অন্যকে ভালো থাকতে দেখে, কারণ, আমরা তো ভাবিনি ভালো থাকবে অন্যজন আমাদের ছাড়া। ভালো তো কারুরই থাকার কথা নয়, ভেবেছিলাম, কারণ প্রত্যেকে কারুর সঙ্গে যেমন আছে, কাউকে ছেড়েও তো আছে? তাই মুখে শুধু বলি, "ভালো তো? কতদিন পর...!" ... ...

ওই আবেগটা দেশভাগের পরে আরোপিত, একথাও জেনেছি। মোহনবাগান কেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই আর জাতীয়তার প্রতীক, তা একটু একটু বুঝতে শুরু করেছি। এমনকি ভবানীপুরের উত্তমকুমার আর পাবনার সুচিত্রা সেনের কালজয়ী বন্ধনের পিছনে ঐ ঘটি বাঙাল আবেগের ইন্ধন আছে, এসব জ্ঞানগর্ভ আলোচনাও পড়েছি। কিন্তু পূর্বপুরুষের ব্যাপারটা স্পষ্ট হলো আরও পরে। সে কথায় যাবার আগে আর একটা কথা বলে নিই। ... ...

ছাদের পাঁচিল টপকে পাশের ছাদে গিয়ে খেলার সময় কখনও টের পাই নি যে দু’একটা কুচোকে বাদ দিলে বেশিরভাগই আমাদের দু’ভাইয়ের থেকে বয়সে বড়। ক্রমশঃ ওদের মুখের ভাষা বদলাতে লাগল। আমরা নতুন নতুন শব্দ শুনে ভোকাবুলারি বাড়াতে লাগলাম। যেমন, তিনক্লাস উঁচুতে পড়া নন্টে হয়ত ঝগড়া হলে ফন্টেকে বলল — যা না, এখানে টাইম পাস না করে নিজের মালের পেছনে ছোট্ ! ... ...

সমকামী পুরুষ ও লিঙ্গান্তরকামী পুরুষের মধ্যেকার এমন টানাপোড়েন আজও হয়ে চলে। অথচ পুরুষালি হওয়ার কারনে নিজের মধ্যে গুমরে মরা মানুষগুলো নিজের কথা প্রাণ খুলে বলতে পারেনা অনেকসময়ই। সামাজিক রাজনীতির চাপে তথাকথিত পুরুষালি-পুরুষের পৌরুষের আড়ালে জোর করে ঢাকা পড়ে যায় তাদের ভালো লাগা খারাপ লাগা যৌনতার উদযাপন। পারিবারিক, সামাজিক চাপ তো বটেই কখনো বা নিজের মধ্যেও চলা দ্বন্দ্ব উপেক্ষা করতে না পেরে বিয়ের পিঁড়িতে বসে অনেকেই। উভকামী হলে না হয় এক রকম, কিন্তু আজন্মলালিত ফ্রেম অফ রেফারেন্স থেকে নারী পুরুষের বিয়ের সেলিব্রেশনের বাইরে যেতে পারেন না অনেক সমকামী পুরুষ। আবার অনেকেই নিজেদের বিবাহিত সম্পর্কে নিজেকে পুরুষ হয়েও নারী রূপে কল্পনা করে নিজেদের সম্পর্কটাকে লেসবিয়ান সম্পর্কের উদযাপনে খুশি হওয়ার চেষ্টাও করেন। আসলে এই পৃথিবীতে সাদা-কালো, আলো -অন্ধকার এর মতো কেমন যেন দুইয়ের প্রভাব বেশি। এই দুইয়ের পৃথিবী নারী-পুরুষের বাইনারিতে আটকে থাকতেই অভ্যস্ত। আর তাই অন্যরকম মানুষ যাদের মনটা একরকম আর দেহটা একরকম তাদের নিয়ে ভাবতে বয়েই গেছে। আজও তো লোকাল ট্রেনের মহিলা কামরা বা পাবলিক বাসে মহিলা সিটের বিরোধিতা করে চলেন একদল মানুষ। আসলে আগুনের আঁচ তাদের গায়ে লাগেনা তাই তারা হয়তো বোঝেন না। আজও যেখানে মহিলাদের কর্মক্ষেত্রে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয় সেখানে এই লিঙ্গ রাজনীতির লড়াইয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকেরা খুব সহজে তৃতীয় লিঙ্গের মানুষদের জায়গা ছেড়ে দেন না। আর তারপরেও তাঁরা রাস্তার মোড়ে বা ট্রাফিক সিগনালে ভিক্ষা করতে দেখলে নাক কুঁচকে তাকাতে একবারও দ্বিধা বোধ করেন না। অন্য যৌনতার অন্য যাপনের নানা দিক নিয়ে খোঁজ রাখার মতো সময় সমাজের বাকি অংশের নেই। শুধুই ব্যঙ্গ আর বিদ্রূপ দিয়ে বিচার করতে ব্যস্ত তারা। ... ...

যাই হোক খেলা চলছে। হাবিব, আকবর, শ্যাম - গো - ও - ও - ল। মা আমাকে জাপটে ধরে বলল, ওরে পেলের দলকে থাবড়া দিয়েছে শ্যাম থাপা। মায়ের কথা ডুবে গেল বাইরে পটকার আওয়াজে। মার মুখে এমন ভাষা আর আচরণ আমি এর আগে বা পরে কখনোই দেখিনি বা শুনিনি। মা বাগবাজারের নিবেদিতা ইস্কুলের শিক্ষিকা, সংযমী, রাশভারী। তখন অবশ্য এসব ভাবি নি। ছ বছরের আমি আর চারবছরের বোন, শ্যাম থা - পা, শ্যাম থা - পা বলে বলে তিড়িং বিড়িং নেচে নিলাম খানিকটা। রেডিওর ওধারে ইডেনেও মারকাটারি যুদ্ধ চলছে, আর এধারে দুই নারী, দুই শিশুর হৃদপেশীর কম্পন চলছে সেই যুদ্ধের তালে। একটু পরে আবার মোহনবাগানের গোল। ... ...

করোনা দ্বিতীয়বার ফিরে আসার পর ভারতবর্ষের কিছু জায়গায় কিছু চরিত্র কিছু ঘটনা। ... ...

ভাবলাম, বাঁচা গেল। কারণ, ছোড়দি মানে কুন্দনন্দিনী যে আমাকে উপেক্ষা করছেন তা আমার একেবারে ভালো লাগছে না। আমার কী দোষ? অথচ উনি একবারও আমার দিকে তাকাচ্ছেন না। আমার কাছে মোবাইলটা জমা রাখবার সময়ে হোক বা স্টেটমেন্ট সাইন করে কলম ফেরৎ দেবার সময় – ওঁর দৃষ্টি রঞ্জন রশ্মির মত আমাকে ভেদ করে আরপার হয়ে পেছনের দেয়ালে গিয়ে ঠেকেছে। ... ...

কেন এরকম জড়িয়ে যায় সব স্বাদ, রঙ, গন্ধ, আলো, সাজ আমার স্মৃতিতে? কেন স্মৃতির চেয়েও বেশি ভাস্বর হয়ে ওঠে গ্রন্থি ছুঁয়ে থাকা এক-একটি সম্পূর্ণ হারিয়ে যাওয়া সুতো? ... ...

যখন দেখলাম আমার এইচ আই ভির পুরো গোপন ব্যাপারটা হাট হয়ে গেল, তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এসব নিয়েই চলব। যত বেশি আমি আপসেট হব ততবেশি সমাজ আমার ঘাড়ে চেপে বসবে। যতই জানি একই সুঁচ- সিরিঞ্জের ব্যবহারে, সংক্রমিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সংবাহনে, এমনকি গর্ভবতী মা যদি এইচ আই ভি আক্রান্ত হন তাহলে তার ভবিষ্যৎ শিশুর এইচ আই ভি সংক্রমণ হয়। তবুও অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌনমিলনে এইচ আই ভি ছড়ানোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কেননা খিদে ঘুমের মত সেক্সটাও যে মানুষের জীবনে অপরিহার্য। আর সেক্স নিয়ে আমাদের অনেকরকম ট্যাবু, অনেকরকম ঢাকঢাক গুড়গুড়। আর তাছাড়া তথাকথিত যৌনতার বাইরের যৌনতা তো এই সেদিনও আইনস্বীকৃত ছিল না। এর ওপর ছিল আমার চূড়ান্ত নীতিবাগীশ দায়িত্ব। তাই যত বেশি আমাকে কোনও সম্পর্কে যেতে দেখলে লোকে আমার এইচ আই ভি নিয়ে বাকীদের সাবধান করত, তার থেকেও বেশি আগেভাগে কোনও ক্যাজুয়াল সম্পর্কে যেতে হলে আমার এইচ আই ভি নিয়ে আমিই সোচ্চার হয়ে বলতে শুরু করলাম। তাতে করে আমার যৌনজীবনটা অনেকটা কম্প্রোমাইজড হলেও মনে হত সুখের থেকে স্বস্তি ভাল। যদিও আজ আমার অনেক বন্ধুই সম্পর্কে আছেন যাদের একজন এইচ আই ভি আক্রান্ত আর অন্য জন এই আই ভি আক্রান্ত নন। ... ...

আমরা বাচ্চারা ফুটপাথ আর গলির মুখে চার আনার রবারের বল নিয়ে ক্রিকেট খেলায় মশুগুল। ব্যাট করছে নীচের তলার আখতারদা -- নিলোফারের ছোড়দা -- ক্লাস এইটে পড়ে। বল করছি আমি, ক্লাস টু। লোপ্পা বলটায় আখতারদা এমন মারলো যে রাস্তা পেরিয়ে সার্কাস হোটেলের বারান্দায় শিককাবাব তৈরির উনুনের পাশে গিয়ে পড়লো। ওরা গেল খেপে, বল আটকে রেখে দিল। আখতারদা গিয়ে কীসব বলে নিয়ে এল বটে, কিন্তু তারপর ব্যাটটা অভিজিতের হাতে দিয়ে নিজে বল তুলে নিল। ... ...

কাজ করতে গিয়ে বুঝেছিলাম কুয়্যার-কমিউনিটির মানুষজনের এই ঝুঁকিপুর্ণ আচরণের মুল জায়গা আত্মপ্রত্যয়ের অভাব। তার অনেক কারণ, নিজেকে দিয়ে যেটুকু জানতাম তা যথেষ্ট ছিল না। আসলে যৌনস্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপুর্ণ। যে মানুষগুলো ছোট থেকে বড় হতে হতে পরিবার সমাজ সকলের কাছে অবাঞ্ছিত জানতে জানতে বড় হয়েছে তাদের হেলথ সিকিং বিহেভিয়ার তৈরী হওয়া অত সহজ না। তার ওপর সম্পর্কের টানাপোড়েন, সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, সামাজিক স্বীকৃতির অভাব তখনও পর্যন্ত আইনি স্বীকৃতির অভাব এ সব গুলো ছিলই। আর একটা দিকের মুখোমুখি হলাম তা হল অর্থনৈতিক সমস্যা। আমার বড় হওয়া, পড়াশোনা, স্কুলিং, শহুরে প্রিভিলেজড জীবনের সঙ্গে এখানকার মানুষজনের বিস্তর ফারাক। এখানে এসে দেখলাম দিনের বেলা খেত খামারে কাজ করা তথাকথিত মেয়েলি পুরুষের অনেকেই বৌ বাচ্চা সংসার সামলাতে দুটো টাকার জন্য রাতের বেলা হিজড়া পেশার অন্তর্ভুক্ত হয়ে ট্রেনে ট্রেনে ছল্লা মেঙ্গে (ভিক্ষা করা) বেড়ায়। রেলপুলিশের তাড়া খেয়ে চলন্ত ট্রেন থেকে নামার ঝুঁকি নিতে হয়। আবার কখনও কখনও শারিরীক ভাবে খুশি করতে হয় রেল পুলিশকে। কখনও রাতের বেলা গুড শেডের লরীর ড্রাইভার বা খালাসীর সাথে টাকার বিনিময়ে শারীরিক মেলামেশা তো আকছার ঘটে। এদের যৌনরোগ বা এইচ আই ভি নিয়ে বোঝানো বা কন্ডোমের ব্যবহার নিয়ে বলতে গেলে প্রয়ই শুনতে হত, "কি লাভ এভাবে বেঁচে থেকে। এমনিই তো মরে আছি, এর চেয়ে এডস হলে তো তাড়াতাড়ি মরে যাব।" তারপরেও কেউ যদিও বা এইচ এই ভি পরীক্ষা করতো, চিকিৎসার আওতায় আনা ছিল আরও কঠিন। ... ...

বুড়ার গেস্ট হাউসে জায়গা নেই, কারণ দুটো মাত্র ঘর। সে দুটোয় আমি এবং দুই বাঙালি দিদি আগে থেকেই রয়েছি। তাই আমার বস কোসলে স্যার আর বিলাসপুরের এসপি মিঃ শ্রীবাস্তব রাজবাড়িরই একটা ঘরে আস্তানা গেড়েছেন। ওঁরা সন্ধ্যেবেলা পৌঁছে আগে কুমারসাহেব এবং থানেদার ঈশ্বর পান্ডের সঙ্গে কথা বলে সব শুনে নিয়েছেন। জবানবন্দীর ফাইলের এক সেট কপি এখন ওনাদের কাছে। বডি রয়েছে বুড়ারের সরকারি হাসপাতালের মর্গে। সেখানে পাঠানোর আগে থানেদার ঈশ্বর পান্ডে বডি যে অবস্থায় মাটিতে পড়ে ছিল তার ছবি তুলে নিয়েছেন। হাসপাতালের ডাক্তার রক্তের স্যাম্পলও নিয়েছে। ... ...

ঠিক যেমন কবিতা আসলে একটাই, আমরা কেবল নাম দিয়ে তাকে ভাঙি, পথকেও আমরা ভেঙে নিই বছরে। নতুন, পুরোনো, ইত্যাদিতে। কিন্তু তাতে পথের মনে হয় বিশেষ কিছু আসে যায় না। ... ...

কাউন্সেলিং নিয়ে ভাবনা আমার ছিলই নিজের সেক্সুয়্যালিটি নিয়ে বুঝতে পারার সময় থেকেই, আমার প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেটা কতটা প্রয়োজন হাড়েহাড়ে টের পেয়েছিলাম, কেননা অন্য যৌনতা যাপন তখন আজকের মত সবাইকে বলা যেতনা, আজও অনেকেই বলতে পারেনা। এর সঙ্গে যোগ হল এইচ আই ভি যাপন। বুঝলাম আমাদের মত মানুষের পাশে পজিটিভ ভাবে থাকাটা আমার মত পজিটিভ লোকের ভীষণ জরুরি। আর তাই তো মনখারাপ, বিচিং বা কোনও নেগেটিভ ভাবনাকে পাত্তা না দিয়ে সবসময় ভাল থাকার অভিনয় করতে করতে কখন যেন ভালো থাকাটাই অভ্যেস হয়ে গেছে আমার। ভাল থাকা একটা আর্ট। ওটা রপ্ত করলেই হয়। আমি জানি জাতকের গল্পের মত একমুঠো সর্ষে কারও কাছে পাবনা যার খারাপ থাকা নেই। নিজেকে বোঝাই আমার মাথার ওপর বর্ষায় ছাদ আছে, দু'বেলা পেটপুরে খেতে পাই, শীতে গায়ে গরম পোষাক দিতে পারি, তাই বাকী দুঃখ নিয়ে ভাবনাটা বিলাসিতা! ... ...

কোত্থেকে যে শুরু করব বুঝতে পারছি না। গত ৪৮ ঘন্টা, মানে পরশু বুড়ার স্টেশনে নামার সময় থেকে এখন অব্দি যেন একটা ঘোরের মধ্যে কেটেছে। এইটুকু বলে দিই যে ছিন্নমস্তা দেবীর পুজো তো নয় যেন দক্ষযজ্ঞ! তাতে বলি চড়েছে একাধিক প্রাণী। যেমন আমি, যেমন ওই দুই বাঙালি দিদি। আমাদের টিকিট ফিকিট গেছে চুলোয়। বুড়ার থানার ওসি’র নির্দেশে আমরা তিনজন আগামী আদেশ পর্য্যন্ত বুড়ারের বাইরে যেতে পারব না। বলতে গেলে একরকম নজরবন্দী। কারণ যুবরাজ বীরেন্দ্রপাল প্রতাপ সিংহ হত্যায় আমরা তিনজনই স্থানীয় পুলিশের সন্দেহের তালিকায়। ... ...