
Amit Chatterjee লেখকের গ্রাহক হোন
ছবি: রমিত
কবিতাটি আগে লেখা, মনে হল সাম্প্রতিক সময়ে এটি যেন আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে, জনগণ থেকে যেন সবার মানুষে উত্তরণ ঘটে, এটুকুই চাওয়া
অপাংক্তেয়
অমিত চট্টোপাধ্যায়
মাঝরাতে ভয় জমে চুন খসা ইটের পাঁজরে,
শ্যাওলায় মোড়া ভিত কেঁপে ওঠে আশঙ্কা মেখে।
নয়া ইমারত হবে, মাথা তার মেঘ ছুঁয়ে থাকা।
নির্মাণভারে কাঁপে সবেধন পৈত্রিক ভিটে!
ছেড়ে যাও পিতৃস্মৃতি, মায়ায় জড়িয়ে থাকা খাট
উঠোনের কোণে রাখা অভিমানী টগরের চারা
সেই কবে উড়ে যাওয়া ময়নার ভাঙাচোরা খাঁচা
পাথরের শিলনোড়া, বৈশাখী মেলা থেকে কেনা।
লেখা হয় নির্বাসন, দিশাহীন রাত পার হলে
যখন ভোরের আলো ঝিম ধরা কুয়াশায় ভেজা।
নীরব রক্তপাতে জমে থাকে অসহায় ক্ষোভ,
শিকড়ের টান ছিঁড়ে শুয়ে থাকে মৃত ডালপালা।
গৃহস্থালি ভেসে যায় নিরুদ্দেশে বস্তায় মুড়ে,
নির্জন দ্বীপে খোঁজে বিটপের ছায়ার আঁচল।
পায়ের তলায় যদি পাওয়া যায় বসতের জমি
হয়তো বা লেখা হবে আগামীর পরিচয়নামা।
মায়ার নগরী ভাসে রাতজাগা নিয়ন আলোতে,
রাতপরীদের মায়া মুছে দেয় সব শোকগাথা।
চেনা ফুটপাথ বলে, বেমানান, অপাংক্তেয় তুমি,
মেনে নাও নির্বাসন, ভেসে যাও পরিযায়ী হয়ে।
