

ছবি: রমিত
মানফ্রেড রোমেলের রসিকতা সঙ্কলন
সম্পাদনা উলরিখ ফ্রাংক-প্লানিতস
এঙ্গেলহর্ন প্রকাশন
স্টুটগার্ট
১৯৯৯
এই এপ্রিল মাসে মিউনিকে কার্লস প্লাতসের একটি বইয়ের দোকানে চোখে পড়ল মানফ্রেড রোমেলের রসিকতা সঙ্কলন। সেটি আমার আজকের আলোক পাঠ। এরউইন রোমেলের কাহিনী মোটামুটি সর্বজন বিদিত; তিনি নাৎসি আমলের সঙ্গে সংশ্লিষ্ট একমাত্র মানুষ যার নামে জার্মানিতে প্রায় তিরিশটা রাস্তা, স্কোয়ার, আর্মি ব্যারাক নামাঙ্কিত হয়েছে। তাঁর শেষ আবাসের বর্তমান ঠিকানা এরউইন রোমেল স্টাইগে ১৩। তবে তস্য পুত্র মানফ্রেডের নামটা হয়তো আমাদের কাছ তেমন পরিচিত নয়; তবে বইটির কথা বলতে গেলে প্রথমেই তাঁর পিতার সঙ্গে শেষ দেখার কাহিনী থেকে শুরু করতে হয়।
প্রাক কথন
পিতা পুত্র: শেষ ছ’টি ঘণ্টা
হ্যারলিঙ্গেন, অক্টোবর ১৪, ১৯৪৪, সকাল ছ’টা

হারলিঙ্গেন স্টেশন
কুয়াশা মোড়া সকালে ট্রেন থেকে নামল সামরিক ইউনিফর্ম পরিহিত এক কিশোর। গত সন্ধ্যায় তার বাবা ফোন করেছেন, মানফ্রেড যেন রিডলিঙ্গেনে তার বিমান বহরের সহায়কের কাজ থেকে দু দিনের ছুটি নিয়ে অতি অবশ্য আজ হ্যারলিঙ্গেনে তার বাবার কাছে আসে। তিন মাস আগে ফ্রান্সে তাঁর গাড়ির ওপরে ফাইটার বিমানের আক্রমণে তিনি ঘাড়ে ও কাঁধে চোট পেয়েছেন, বাঁ চোখের দৃষ্টি হয়েছে ক্ষীণ। কর্ম জীবনে প্রথম লম্বা ছুটি নিয়ে আগস্ট মাস থেকে রয়েছেন তাঁর গ্রামের বাড়িতে। ডাক্তারদের চিকিৎসা এবং স্ত্রীর শুশ্রূষায় তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন, চোখের জ্যোতি খানিকটা ফিরে এসেছে।
এত কম সময়ের নোটিসে মানফ্রেডের ছুটি পাওয়া শক্ত হয়নি। তার বাবার নাম ফিল্ড মার্শাল এরউইন রোমেল।
মাত্র তিন বছর আগে উত্তর আফ্রিকায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লিবিয়া, মিশরে তাঁর ঝটিকা আক্রমণ এবং যুদ্ধ চাতুরীর জন্য মরুভূমির শৃগাল – ডেজার্ট ফক্স - নামে খ্যাত হয়েছিলেন; তোবরুকের বিজয় গাথা রূপকথার পর্যায়ে পৌঁছেছে। মিশরের এল আলামেনে আফ্রিকা কর্পসের পরাজয়ের পরে জার্মানির জয়রথ থেমে গেছে, রোমেলের তারকা নিম্নগামী; স্তালিনগ্রাদে সিক্সথ আর্মি সহ ফিল্ড মার্শাল ফন পাউলুসের আত্মসমর্পণ, সিসিলিতে মিত্রশক্তির আক্রমণ এবং জুন মাসে মিত্র সেনার নর্ম্যান্ডি তটে অবতরণের পর এরউইন রোমেল ক্রমশ হিটলারের রণনীতির ওপরে আস্থা হারাচ্ছেন; এই যুদ্ধে পরাজয়কে আসন্ন মনে করেছেন। গত বছরে ভিয়েনার নয়স্টাড থেকে পারিবারিক বাসস্থান সরিয়ে এনেছেন উলমের কাছে হ্যারলিঙ্গেনে, যেটি তাঁর জন্মস্থান হাইডেনহাইম থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে। তাঁর বাড়িটিকে ফিল্ড মার্শালের মর্যাদা মাফিক সাজানো গোছানোর ভার নিয়েছে উলমের পৌরসভা। রোমেল ভাবেন পূর্ব ফ্রন্ট, নর্ম্যান্ডি, ইতালি থেকে বহুদূরের এই ছোট্ট জনপদে তাঁর স্ত্রী লুসিয়া মারিয়া ও একমাত্র সন্তান মানফ্রেডের নিরাপত্তা সুনিশ্চিত।

ম্যানফ্রেড, লুসিয়া ও এরউইন রোমেল
নর্ম্যান্ডি যুদ্ধক্ষেত্র থেকে নিজের হেড কোয়ার্টারে যাবার পথে সাঁ ফয় দে মন্টগোমেরিতে যেদিন তাঁর স্টাফ কারের ওপরে ব্রিটিশ সুপারমেরিন স্পিটফায়ার গুলি চালায়, তার ঠিক তিন দিন বাদে কাউন্ট ফন স্টাউফেনবের্গের নেতৃত্বে পূর্ব প্রাশিয়ার রাস্টেনবের্গে (নেকড়ের আস্তানা, ভলফশান্তসে) হিটলার হত্যার ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে এরউইন রোমেল যে জড়িত ছিলেন এমন গুজবের পক্ষে কোন প্রমাণ সাবুদ কখনো মেলেনি। ১৯৪৩ সাল থেকেই তিনি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে হিটলারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। যুদ্ধক্ষেত্রে ঠিক যে কি ঘটছে সেটা না বুঝে বা না জেনেই যে হিটলার লড়াইয়ের ছক কষেন, তিনি তার ঘোর বিরোধী! বিশে জুলাই হিটলারের ওপরে হামলার পরে তিনি এও বলেছিলেন, স্টাউফেনবের্গ কাঁচা কাজ করেছেন, আমাদের যে কোন সেনা এটা সহজে সারতে পারতো। আগস্ট মাসে তাঁর পুত্রকে বলেছিলেন, ‘নর্ম্যান্ডিতে যে ধ্বংস লীলা ও প্রাণহানি দেখলাম, তাতে আমার মনে হয় না এ যুদ্ধকে টেনে নিয়ে যাওয়ার কোন অর্থ আছে। যে ভাবে হোক, শেষ হলেই ভালো।’
হ্যারলিঙ্গেন ট্রেন স্টেশন থেকে তার বাড়ি ভিপিঙ্গার স্টাইগে ১৩ মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ। ভিলার দুয়োরে দাঁড়িয়ে ছিলেন পিতা, ছেলে আসতেই তাকে দোতলায় নিয়ে গেলেন; সেখানে পিতা পুত্রকে ব্রেকফাস্ট, ফ্রুইষটুক পরিবেশন করলেন মা লুসিয়া মারিয়া, এরউইন রোমেলের ‘লুতসি’। খাওয়া শেষে বললেন, চলো মানফ্রেড, বাগানে একবার হেঁটে আসি। এই পরিক্রমায় তিনি ছেলেকে বললেন, জানি না স্টেশন থেকে আসার পথে তুমি লক্ষ করেছো কি না, আমাদের ছোট গ্রাম গেস্টাপোয় ভরে গেছে, এই বাড়ির ওপরে কড়া নজর রাখা হচ্ছে। মানফ্রেড বলল, হ্যাঁ, স্টেশন থেকে আসার পথে দেখলাম আমাদের বাড়ির গেটের সামনে, একটু দূরে কয়েকটা সামরিক গাড়ি পার্ক করা আছে, তার ভেতরে বন্দুকধারী অসামরিক পোশাকের মানুষ বসে। কিন্তু কেন? রোমেল বললেন, ‘ফুয়েরার মনে করেন আমি ভালকিয়েরির (২০শে জুলাই ১৯৪৪ হিটলার হত্যা প্ল্যান) সঙ্গে যুক্ত ছিলাম, আমার চিফ অফ স্টাফ হান্স স্পাইডেল বলেছেন আমি সক্রিয় ভাবে যোগ না দিলেও দূর থেকে সমর্থন করেছি, আরেক ষড়যন্ত্রকারী জেনারেল স্টুলপনাগেল তাঁর মৃত্যুকালীন এক অসংলগ্ন বিবৃতিতে আমার নাম জড়িয়েছিলেন। অনেক বিষয়ে যে ফুয়েরার ও আমি একমত নই, কখনো ছিলাম না তা তিনি জানেন, সবাই জানেন। কিন্তু তাঁকে মেরে ফেলাটা আমি সমর্থন করতে পারি না, যদিও কোনো মহল আমার ভূমিকা সম্পর্কে অন্য মত পোষণ করেন। আজ বার্লিন থেকে ফুয়েরারের বার্তাসহ দু জন আসবেন, জেনারেল বুর্গডর্ফ ও জেনারেল মাইজেল। আমার আরোগ্যের পরে হয়তো বদলির আদেশ হবে, হয়তো পূর্ব ফ্রন্টে যেতে হবে, অথবা অন্য কোন আদেশ। তোমাকে জানাব কী ঘটতে যাচ্ছে।

ভিপিংগার স্টাইগে ১৩ ১৯৪৪/ ডানদিকে এরউইন রোমেল স্টাইগে ১৩ ২০২৬
ঠিক এগারোটায় সামরিক ইউনিফর্মে সজ্জিত ভেরমাখটের সেই দুই জেনারেল এলেন। রোমেল তাঁদের নিয়ে লাইব্রেরি ঘরে বসে পঁয়তাল্লিশ মিনিট কথা বলার পরে আবার দোতলায় উঠে ছেলেকে ডেকে বললেন, ‘মানফ্রেড, ফুয়েরারের মতে আমি বিশ্বাসঘাতকতার (হোখফেরাত) অপরাধে অপরাধী। আমার সামনে দুটো শর্ত রাখা হয়েছে, স্বেচ্ছায় মৃত্যু মেনে নিলে আমাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে, তোমার মা আজীবন পেনশন পাবেন। অন্যথায় জনতার আদালতে আমার বিচার হবে। তুমি জানো গত তিন মাসে বিচারক রোলান্ড ফ্রাইসারের আদালতে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই কতজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, পিয়ানোর তারে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আমি প্রথম পথ বেছে নিচ্ছি। এবার চলো তোমার মাকে গিয়ে জানাই পনেরো মিনিট বাদে আমার মৃত্যু হবে।’
বেলা একটা। রোমেল তাঁর সবচেয়ে গর্বের আফ্রিকা কর্পসের ইউনিফর্ম, টুপি পরে হাতে ফিল্ড মার্শালের ব্যাটন নিয়ে ভিলার সিঁড়িতে দাঁড়িয়ে পুত্র মানফ্রেড ও লুসিয়ার কাছ থেকে বিদায় নিলেন; তাঁর দীর্ঘদিনের সহকারী অ্যাডজুটেনট আলডিনগারকে বললেন, আপনার কাছ থেকেও বিদায় নিতে হবে (ইখ মুস আউখ ফন ইনেন আবশিড নেমেন) জেনারেল বুর্গডরফ ও জেনারেল মাইজেলকে ‘হাইল হিটলার’ বলে স্টাফ কারে (হরখ ৮৫৩) উঠে বসলেন এরউইন রোমেল, দু’পাশে দুই জেনারেল। মানফ্রেড ও লুসিয়া ছাড়া একমাত্র দীর্ঘদিনের একান্ত অনুগত সাথি আলডিনগার জানতেন রোমেল আর কখনো ফিরবেন না।

এরউইন রোমেলের শেষ ছবি
হ্যারমান আলডিনগার রোমেলকে বলেছিলেন, আরেকটা পথ আছে, চলুন আপনি আমি বন্দুক উঁচিয়ে এই গ্রাম থেকে বেরিয়ে যাই। কে আটকাবে আপনাকে? রোমেল রাজি হন নি।
পরের ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া যায় না। গ্রাম ছাড়িয়ে কোন নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করানো হয়েছিল যেখানে হিটলারের পাঠানো সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়ে এরউইন রোমেল স্বেচ্ছা মৃত্যু বরণ করেন।
জেনারেলদের সঙ্গে গাড়িতে ওঠার পনেরো মিনিট বাদে রোমেলের ভিলায় ফোন বাজলে হ্যারমান আলডিনগার সেটি ধরলেন। নিকটবর্তী শহর উলমের ভাগনার ফিল্ড হাসপাতাল থেকে এক ডাক্তার একান্ত দুঃখ ও সমবেদনার সঙ্গে জানাচ্ছেন বার্লিন যাওয়ার পথে আকস্মিক ব্রেন হেমারেজের কারণে মারা গেছেন ফিল্ড মার্শাল ইওহানেস এরউইন অয়গেন রোমেল।
এক মাস বাদে তাঁর তিপ্পান্ন বছর বয়েস পূর্ণ হতো।
সেদিন শনিবার, সময় দুপুর একটা বেজে পনেরো মিনিট। *
চার দিন বাদে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সহিত স্বস্তিকায় মোড়া কফিন উলমে সমাধিস্থ করা হল। জেনারাল ফন রুনডস্টেড পড়লেন হিটলারের মর্মস্পর্শী বিদায় বার্তা।
একদিন মানফ্রেড রোমেল

মানফ্রেড রোমেল
অন্য অনেকের মতন দেশে থাকতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকা ফ্রন্টে এরউইন রোমেলের খ্যাতি এবং হিটলারের আদেশে তাঁর স্বেচ্ছা মৃত্যুর কাহিনী আমার জানা ছিল; প্রায় পঞ্চাশ বছর আগে জার্মানি এসে আবিষ্কার করলাম আরেক রোমেলকে, মানফ্রেড রোমেল।
যদিও কোন দেশ প্রতিযোগিতায় নামেনি, কিন্তু সাতের দশকে ইউরোপের সবচেয়ে বোরিং টিভির গোল্ড মেডাল প্রাপ্য ছিল জার্মান (এবং ডাচ) টেলিভিশনের। দুটি মাত্র ন্যাশনাল চ্যানেল, সন্ধ্যে ছটায় শুরু, সাতটায় পনেরো মিনিটের বিজ্ঞাপন, এগারোটায় স্ক্রিন অন্ধকার। সেখানে খবর, খবরের আলোচনা শুরু হয় রাত আটটায় প্রাইম টাইমে! হন্যে হয়ে নিজের মুখের ভাষাটি পালিশ, মেরামত করার জন্য সেগুলোই শুনি, খানিক বুঝতে পারলে ভীষণ খুশি হই। একদিন সেখানে হের নোভোতনির বনার রুনডেতে (রাজনৈতিক আলোচনা) দেখা দিলেন জার্মানির পঞ্চম বৃহৎ জনপদ স্টুটগার্ট শহরের মেয়র, মানফ্রেড রোমেল। একটা শিহরন জাগল -এই সেই মানুষ যিনি পনেরো বছর বয়েসে তাঁর পিতাকে সরাসরি মৃত্যু মুখে যেতে দেখেছেন, তাঁর বাবা বলেছেন পনেরো মিনিট বাদে জানবে আমি মৃত? সরকারি বিবৃতি অনুযায়ী ব্রেন হেমারেজ। এক বছর বাদে ফরাসি কারাগারে বন্দি পুত্র মানফ্রেড রোমেল প্রথম সত্যি কথাটা দুনিয়াকে জানালেন। মহাগুরু নিপাতের দুর্ভাগ্য আমাদের অনেকেরই হয়েছে কিন্তু তা বলে এই ভাবে? এই বোঝা নিয়ে বাকি জীবনটা কাটে?
সব কথা বুঝতে পারলাম তা নয় তবে প্রথম দর্শনেই ভালো লেগে গেলো। গড়পড়তা জার্মান রাজনীতিকদের বক্তিমে বা ইন্টারভিউ অসম্ভব ক্লান্তিকর, কিন্তু মানফ্রেড রোমেলের মুখে খেলা করে একটা চাপা কৌতুক। তিনি যে শুধু হাসিমুখে পলিটিকালি ইনকারেক্ট কথা বলেন তাই নয়, সেটি বলেন তাঁর অননুকরণীয় শোয়বিশ অ্যাকসেন্টে!
গোয়েথে ইনসটিটিউটে জার্মান শিক্ষার ক্লাসে কানে হেডফোন লাগিয়ে দেশের নানান আঞ্চলিক উচ্চারণের সঙ্গে পরিচয় করানো হতো আমাদের। মেসেজ ছিল - এগুলি চিনে রাখুন, অনুকরণ করবেন না! আমার গুরু মুজতবা আলী সায়েব বলেছেন চিড়িয়াখানায় বাঘ সিংহ দেখার পরে খাটাশটাকেও দেখে নেওয়া ভালো, কোন বাড়তি খরচা যখন নেই। এই পর্যায়ে সহজবোধ্য নয় কিন্তু শ্রুতিমধুর এবং আন্তরিক মনে হয়েছে বায়ারিশ (ব্যাভেরিয়ান) এবং শোয়েবিশ (শোয়েবিয়ান) উচ্চারণ, যা শোনা যায় যথাক্রমে মিউনিকে, স্টুটগার্টে, আমার কর্মক্ষেত্র ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, ডুসেলডর্ফে নয়। লোকাল টান থাকলেও সকলে একটা স্ট্যান্ডার্ড জার্মান বলার চেষ্টা করে থাকেন, বিশেষ করে বিদেশির সঙ্গে। মানফ্রেড রোমেল পার্টি লাইন মাফিক হানোভার গোয়েটিঙ্গেনের হোখ ডয়েচ নয় গর্বের সঙ্গে জাতীয় স্তরে শোয়েবিশ বলেন। বুকের পাটা আছে বটে!
খানিক খোঁজ খবর করে জানলাম পিতার মৃত্যুর পরে মানফ্রেড লুফতওয়াফের সহকারীর চাকরিতে ফিরে যান। কিন্তু কয়েক মাস বাদে, ১৯৪৫ সালের শুরুতে জার্মান বিমান বহরের অবস্থা সঙ্গিন, তাঁর কাজ গেল। ইতিমধ্যে ফরাসি বাহিনী স্টুটগার্ট পৌঁছেছে, মানফ্রেড তাঁদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। এরউইন রোমেল যে ব্রেন হেমারেজে মারা যাননি হিটলারের চাপে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন সেই কাহিনীটি চাউর করেন তাঁর একটি সাক্ষ্যে। পরে লুসিয়া মারিয়া সেটি সমর্থন করে বিবৃতি দেন।
ফরাসি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে, একটু দেরিতে, আঠারো বছর বয়েসে স্কুলের গণ্ডি পেরুলেন। টুইবিঙ্গেনে আইন পাশ করে বাদেন ভুরতেমবুরগ রাজ্যের সিভিল সার্ভিসে যোগ দেন, কালে অর্থ সচিব এবং পরে ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক দলের টিকিটে রাজনীতিতে প্রবেশ। বারো বছর তিনি সমস্ত জার্মান শহরের কেন্দ্রীয় কাউন্সিলের অধ্যক্ষ ছিলেন। ১৯৭৪ সালে স্টুটগার্টের মেয়র নির্বাচিত হন, পরপর তিনবার ক্রমশ বিপুল হতে বিপুলতর ভোটে সেই পদে পুনঃনির্বাচিত হয়েছিলেন। চেকোস্লোভাকিয়া, সাইলেশিয়া হতে ছিন্নমূল জার্মানদের পুনর্বাসনে তাঁর ভূমিকা বিশাল, শুধু তাই নয়, পরবর্তীকালে তিনি একই ভাবে তৃতীয় বিশ্বের মানুষদের আশ্রয় দেবার চেষ্টা করেছেন। স্পষ্ট বক্তা,জনপ্রিয় এবং জনদরদী মানফ্রেড রোমেলকে স্টুটগার্ট মনে রেখেছে অনেক কারণে।
আমি যখন জার্মানি যাই, বাদের-মাইনহোফ গ্রুপ অথবা রোটে আরমে ফ্রাকতশিওন (রেড আর্মি ব্রিগেড) নামের একটি বামপন্থী জার্মান টেররিষ্ট দল সারা দেশে রীতিমত ত্রাসের সঞ্চার করেছে। মনে আছে ড্রেসনার ব্যাঙ্কে অফিসে ঢোকার সময়ে কি কঠোর খানা তল্লাসি হতো! স্টুটগার্ট-স্টামহাইম জেলে সেই দলের নেতারা দলবদ্ধ আত্মহত্যা করেন। এঁদের রীতি মাফিক সমাধিস্থ করার বিরুদ্ধে প্রবল নাগরিক প্রতিবাদ শোনা গেল- আশঙ্কা, সেটি কিছু মানুষের কাছে শহিদ বেদী হয়ে উঠতে পারে! সেই আপত্তি সত্ত্বেও (এমনকি নিজের দলেরও) মেয়র মানফ্রেড রোমেল তাঁদের যথাযথ অন্ত্যেষ্টি এবং সমাধির ব্যবস্থা করেন। তিনি বলেছিলেন সমস্ত শত্রুতা কোন এক বিন্দুতে গিয়ে শেষ হয়, আমি মনে করি মৃত্যুই সেই বিন্দু।
সেই একই স্পিরিটে যুদ্ধের শেষে পুরনো বিবাদ ভুলে গিয়ে মানফ্রেড রোমেল আজীবনের বন্ধুত্ব গড়ে তোলেন যুদ্ধকালীন জার্মানির দুই প্রাক্তন শত্রুর সন্তানের সঙ্গে।
১৯৫৮ সালে আমেরিকান সপ্তম বাহিনীর কমান্ডার পদে স্টুটগার্টে এলেন ডাকসাইটে আমেরিকান জেনারেল জর্জ প্যাটনের ছেলে জর্জ স্মিথ প্যাটন। মানফ্রেড রোমেল তখন আঞ্চলিক রাজনীতিতে উঠতি তারকা, নিজে গিয়ে আলাপ করেন প্যাটনের সঙ্গে, আশ্চর্য হয়ে আবিষ্কার করেন দুজনেরই জন্মদিন ২৪শে ডিসেম্বর (মানফ্রেড পাঁচ বছরের বড়ো), কয়েক বছর একত্রে পালন করেছেন দিনটি! যুদ্ধোত্তর জার্মানিতে বিজয়ী দখলদারি আমেরিকান বাহিনীর সঙ্গে জার্মানির হৃদ্যতা বর্ধনে এই বন্ধুত্বের অবদান অপরিসীম।
আরেক চমক অপেক্ষা করছিল। ১৯৭৯ সালে স্টুটগার্টের মেয়র মানফ্রেড রোমেল ব্রিটিশ সরকারের আমন্ত্রণে লন্ডন গেছেন, এক রিসেপশনে তাঁর হোস্ট একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ইনি সেকেন্ড ভাইকাউন্ট লর্ড মন্টগোমেরি অফ আলামেন। মানফ্রেড রোমেল তৎক্ষণাৎ বলেন, মি লর্ড, জানি কোনো মরুভূমিতে একদিন দুই ফিল্ড মার্শাল, আমার ও আপনার বাবার মধ্যে লড়াই হয়েছিল, আপনার বাবা জিতেছিলেন কিন্তু সেটা আমাদের বন্ধুত্বের পথে বাধা হতে পারে না! লর্ড মন্টগোমেরি হাত বাড়িয়ে বলেন, লর্ড নয়, আমি ডেভিড। পরে দুজনে জানলেন তাঁদের জন্মের বছর এক, ১৯২৮, ডেভিড চার মাসের বড়ো। এই দুজনের নিবিড় প্রীতির বন্ধন আমৃত্যু স্থায়ী হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধের জন্য দায়ী আসামি নাম্বার ওয়ান জার্মানিকে সভ্য সমাজে ফিরিয়ে আনার ব্যাপারে মানফ্রেড রোমেলের অবদান বিপুল।
প্রসঙ্গত, কয়েক বছর আগে কাইরো থেকে আলেকজান্দ্রিয়া যাওয়ার পথে চোখে পড়েছে এল আলামেনের রোড সাইন, মনে হয়েছে এখানেই তো মরুভূমির শৃগাল মুখোমুখি হয়েছিলেন ফিল্ড মার্শাল মন্টগোমেরির সঙ্গে! সেই যুদ্ধ বিজয়ের সম্মানে তাঁকে লর্ড আলামেন উপাধি দেওয়া হয়। চার্চিল বলেছিলেন, এল আলামেনের আগে আমরা কোন যুদ্ধ জিতি নি, এল আলামেনের পরে কোন যুদ্ধ হারিনি।
ব্রিটিশ সরকার রোমেলকে ও বি ই (অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার) সম্মানে বিভূষিত করেছেন, আমেরিকার মেরিল্যান্ড ইউনিভার্সিটি থেকে তিনি পেয়েছেন ডক্টরেট, জার্মান- আমেরিকান বন্ডিং পুরস্কার, আপন দেশে পেয়েছেন জার্মানির উচ্চতম সম্মান, বুন্দেসফেরদিনস্টঅরডেন। শেষদিন পর্যন্ত মানফ্রেড রোমেল যে পদকের জন্য বিশেষ গর্বিত ছিলেন সেটি হল শোয়েবিয়ান ডায়ালেক্টের প্রতি আজীবন সেবার সম্মানে প্রদত্ত ফ্রিডরিখ ফোগট মেডাল।
জার্মান জনজীবনে কৌতুকের যে একান্ত অভাব এমন কথা তাঁদের বন্ধু এবং শত্রু সমস্বরে বলে থাকেন। তাঁরা হাসতে জানেন না, অথবা পারেন না; এ বিষয়ে বিতর্ক থাকলেও জার্মান বৈঠক খানা, কফির আসরে, ট্রেনে বাসে, পার্লামেন্টের ভেতরে হাসির অভাব নিয়ে দ্বিমত দেখা যায় না। সম্ভবত মার্ক টোয়েন বলেছিলেন জার্মানরা হাসতে জানেন না সেটি অতিকথন মাত্র; প্রতি বছর কারনেভালের সময়, (ফেব্রুয়ারি-মার্চ মাসে) তাঁরা প্রচুর পান আনন্দ উল্লাস অট্টহাস্য করেন এবং বাকি এগারো মাস এই উচ্ছ্বাস মুলতুবি রাখেন!
বক্তাদের প্রতি
এই বইটির ভূমিকায় মানফ্রেড রোমেল এই অভিযোগ মাথা পেতে মেনে নিয়েছেন। তিনি তাবৎ জার্মান বক্তিয়ার খিলজিকে উৎসাহিত করেছেন, আপনারা একটু হাস্যরস মিশিয়ে বলতে শিখুন, নীরস বক্তিমে না করে কৌতুককে তার সম্যক স্থান দিন। জ্ঞান অর্জন করার জন্য কোন জার্মান আপনাদের বক্তৃতা শুনতে আসে না, আপনি যা বলেন বা বলবেন তার সারাংশ তাঁরা অবগত আছেন। এছাড়া আপনারা তাই বলেন যা শ্রোতারা শুনতে চায়, তাতে না আছে কোন নতুনত্ব না আছে বাহাদুরি। আপনার বাগাড়ম্বরের প্রকৃত চ্যালেঞ্জ এই অনাগ্রহী মানুষদের জাগিয়ে রাখা। বেশির ভাগ সময়েই দেখা যায় মিনিট দশেকের পর শ্রোতা হাই তোলেন, কখনো হাত ঘড়ি ঝাঁকিয়ে দেখেন সেটা ঠিক চলছে কিনা, হলের আলোর সংখ্যা গুনতে আরম্ভ করেন অথবা ভুল জায়গায় হাততালি দিয়ে আশা করেন এবার বক্তা থামবেন। লক্ষ করবেন আপনারা যতো বকে যাচ্ছেন, শ্রোতারা তত ক্রুদ্ধ হতে থাকেন, এ ব্যাটা থামবে কতক্ষণে? তাঁদের অস্বস্তি, ক্রোধ নিরসনের দায়িত্ব আপনারই। মনে রাখুন বাইবেলে (সাম ১২৭:২) ঈশ্বর জানিয়েছেন, তিনি যাঁদের ভালবাসেন তাঁদেরই নিদ্রা উপহার দিয়ে থাকেন।

মিনিটে মিনিটে শ্রোতার চেহারা - মানফ্রেড রোমেলের আঁকা স্কেচ
তাহলে এঁদের জাগিয়ে রাখার উপায় কি?
কৌতুক, হিউমর!
এই বইতে তিনি কোন মহান জ্ঞান নয়, মাত্র কিছু টিপস দিতে চান যেগুলির জুতসই ব্যবহারে বক্তা শ্রোতাদের ঘুমিয়ে পড়া থেকে নিরস্ত করতে পারেন এবং দৈনন্দিন জীবনে তার সম্যক প্রয়োগে উদ্বুদ্ধ করতে পারেন।
মনে আছে ইংল্যান্ডে আসার কিছু পরে বায়ারিশে ফেরআইনসব্যাঙ্কের লন্ডন অফিসে এক রিসেপশনে মিউনিকের জনৈক ভদ্রমহিলার সঙ্গে আলাপ; তিনি বছর খানেক হল এ দেশে এসেছেন। জিজ্ঞেস করেছিলাম আপনি এই যে এক বছর লন্ডনে কাটালেন, কোন জিনিসটা সবচেয়ে মনে রাখার মতন? ভেসনা গ্রাপিচ উত্তরে বলেছিলেন, এ দেশে লোকে কারণে বা অকারণে প্রচুর হাসেন!
চার দশকে যে ইংলিশ হিউমরকে প্রায় পাওনা বলে ধরে নিয়েছি, টেকেন ফর গ্রান্টেড, জার্মান জনজীবনে তা সুলভ নয়। মানফ্রেড রোমেল সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে দ্বিধা বোধ করেননি।
ইংল্যান্ডে টাং ইন চিক হিউমর কথাটা খুব চালু, তার বাংলা কি হতে পারে জানি না, তবে জার্মানিতে সেটি অমিল। প্রথমেই বলে রাখি, মানফ্রেড রোমেলের হাস্যরস কখনো অত্যন্ত শুষ্ক, কখনো ছুরির মত ধারালো। যে কোন পরিস্থিতিতেই অবহেলায় অফ দি কাফ মন্তব্য করেন, সে কৌতুক আপনার পছন্দ হোক বা নাই হোক; কোন পপুলারিটি পোলের ধার ধারেন না।
মানফ্রেড একটু তোতলা ছিলেন, মাঝে মাঝে কথা জড়িয়ে যেতো, কিন্তু এই আপাত দুর্বলতাকে তিনি তাঁর ব্র্যান্ডে পরিণত করেন – ‘আমার নাম মানফ্রেড রোমেল, আমি তোতলা এবং কখনো ফিস ফিস করে কথা বলে থাকি’ এমন একটা প্রস্তাবনার পরে শ্রোতার প্রতিরোধ ভেঙ্গে যেতে বাধ্য!
তাঁর অর্থ দফতরে সোমবারের মিটিং – একজন খুব ভয়ে ভয়ে জানালেন দু নম্বর ওয়ার্ডের ক্যাশিয়ারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানফ্রেড অবলীলাক্রমে বললেন, ভল্টের ভেতরটা একবার খুঁজে দেখেছেন? হয়তো সেখানে ঘুমিয়ে পড়েছে।
নিরালায় বসে মানফ্রেড রোমেল কোন রসিকতার সঙ্কলন লিখেছেন বলে জানা যায় না। তাঁর কৌতুকের ছটা বিকশিত হয়েছে, কোন না কোন প্রসঙ্গে; বিভিন্ন গল্প গুজবে, সাক্ষাৎকারে, বক্তৃতায়, ব্যক্তিগত আলাপচারিতে এই বইটির সম্পাদক সেগুলি একত্র করেছেন।
ধরুন মদ্য পান করে স্টেজে নেমে অভিনেতা প্রম্পটারকে জিজ্ঞেস করছেন, এটা কোন নাটক? প্রসঙ্গ - এমন অনেক সরকারি বক্তা আছেন যারা বিষয় বস্তুকে সম্পূর্ণ ভুলে মেরে দিয়ে স্টেজে বাকতাল্লা করেন।
আমলাদের বুদ্ধিমত্তা? ধরুন নির্মীয়মাণ বাড়ির ভারা খোলা মাত্র গোটা স্ট্রাকচার হুড়মুড় করে পড়ে গেল। অবিচলিত আর্কিটেক্ট বললেন, বাড়ির ভেতরে যখন দেওয়াল রং হবে তখনই ভারা খোলা উচিত ছিল। কিংবা গৃহকর্তা বাড়ির কাজ দেখতে এসে বললেন, একি উলটো পালটা কাজ হচ্ছে? এঞ্জিনিয়ার বললেন, আমাদের সাইট প্ল্যানটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল সার।
মানফ্রেড রোমেলের শোয়েবিশ অ্যাকসেন্ট এবং অননুকরণীয় বাকভঙ্গিকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া সহজ কম্ম নয়। একদিন কোন সুযোগ্য জার্মান বেত্তা লেখক বাঙালির আসরে সমাদরে তাঁকে প্রতিষ্ঠা করবেন, এ আশা রাখি। আপাতত আমার টুটা ফুটা জার্মান জ্ঞানের সম্বলে অনুদিত কিছু মণি মুক্তা পাঠকের কাছে পেশ করার লোভ সম্বরণ করা গেল না।
এক। হাইডেলবের্গ।
নেকার নদীর তীরে বিকেল বেলা একজন বয়স্ক মানুষ পায়চারি করছেন।
এক ডুবন্ত মানুষের আর্তনাদ।
- বাঁচান, ডুবে যাচ্ছি।
নদীর ধারে দাঁড়ানো ভদ্রলোক জানতে চাইলেন:
- আপনার নাম কি?
- ক্রাউটলে। বাঁচান।
- কোথায় থাকেন?
- বাদে স্ত্রাসে। একটু হাত বাড়াবেন?
- বাদে স্ত্রাসে কতো নম্বর?
- চার।
- ধন্যবাদ। অনেক দিন ঐ পাড়ায় ফ্ল্যাট ভাড়া খুঁজছি।
দুই। নেকার নদীর তীর
তীব্র আর্তনাদ শোনা গেল
‘জলে পড়ে গেছি, সাঁতার জানি না’
তীর থেকে উত্তর - সাঁতার আমিও জানি না। কিন্তু তাই বলে আপনার মতন লোক ডেকে সেটা জানাই না।
তিন। রাজধানী বন। ট্রেন স্টেশন।
ব্যস্ত সমস্ত উপ মন্ত্রী ট্যাক্সিতে উঠেছেন
- কোথায় যাবেন?
- যেখানে হোক। সকলেই তো আমাকে চায়।
চার। সুইমিং ক্লাবের ডিনার
প্রেসিডেন্টের ভাষণ
- সব শেষে বলি, যদিও এ বছর কোন প্রতিযোগিতায় আমাদের কেউ কোন মেডাল পায়নি, চ্যাম্পিয়নও কেউ হয় নি কিন্তু আনন্দের কথা এই যে কেউ জলে ডুবেও যায়নি।
পাঁচ। হান্টিং ক্লাব
দুই বিষণ্ণ শিকারি ফিরেছেন। মুখ গম্ভীর। একজনের স্ত্রী বললেন, এতো মন খারাপের কি আছে, তোমার রুকস্যাক বেশ ভারি দেখছি।
উত্তর – চুপ, ওটা আমার কুকুর।
ছয়। ডাক্তারখানা
- আপনি আমার বউকে বলেছিলেন এই ওষুধটা খেলে সেরে যাবে। সে মারা গেছে গতকাল।
- কতদিন যাবত তিনি এই ওষুধটা খাচ্ছিলেন?
- পনেরো দিন।
- আমি যে বলেছিলাম এক মাস ধরে খেতে?
সাত। ইন্টারভিউ
- নাম?
- আলফ্রেড ফায়ারআবেনড (ফায়ারআবেনড - আক্ষরিক অর্থে দিনের ছুটি, কাজ শেষ)
- কাজে রাখতে পারবো না। কেউ ফোন করলেই আপনি বলবেন ফায়ারআবেনড। লোকে ভাববে অফিস ছুটি হয়ে গেছে।
পুনশ্চ: অন্য অনেক দেশের মতন জার্মানিতেও টেলিফোন এটিকেট হলো ফোন তুলেই আপন পদবী ঘোষণা করা। আমার ফ্রাঙ্কফুর্ট প্রবাসের কালে হারডি-স্লোমান ব্যাঙ্কে সত্যি একজন ছিলেন যার পদবী ফায়ারআবেনড!
আট। ভবিষ্যৎ
- আপনি আমায় ভালো চেনেন, বলুন তো আমার কী হওয়া উচিত, কবি না শিল্পী?
- কবি।
- কেন আপনি কি আমার কবিতা পড়েছেন?
- না, আমি আপনার আঁকা ছবি দেখেছি
নয়। স্তালিন
-এটা কি সত্যি স্তালিন তাঁকে নিয়ে কথিত সব জোক জমিয়ে রাখতেন?
-হ্যাঁ, তার সঙ্গে ঐ জোক যারা ছড়াতেন তাদেরও।
দশ। পোস্ট অফিস
- আপনার ভাই কি করে?
- পোস্ট অফিসে সারাদিন খামের ওপরে স্ট্যাম্প মারে।
- খুব একঘেয়ে কাজ নয়?
- কেন, রোজই তো তারিখ বদলে যায়।
এগারো। গ্রিনজিং, ভিয়েনা
ইওহান স্ট্রাউসের ওয়ালতসের আসর বসেছে,একের পর এক বাজে ব্লু ডানিউব, গেশিখটে আউস ভিনার ভালড, কাইজার ওয়ালতস। সামনে সারিতে স্বয়ং স্ট্রাউস বসে শুনছেন।
অভিভূত স্ট্রাউস প্রোগ্রাম শেষে কন্ডাক্টরকে ধন্যবাদ জানাতে নিজে গেলেন ব্যাক স্টেজে।
কন্ডাক্টর হের স্ট্রাউস, আপনি তো ওয়ালতসের নোট লিখেই খালাস। সেটা বাজানো যে কি শক্ত কাজ যদি জানতেন।
বারো। অর্থনীতি
- মিনিস্টার, ডলার ডুবে যাচ্ছে
- ডুবুক, মানুষ বাঁচলেই হল।
তেরো। পশ্চিম বার্লিন, দুই জার্মানির পুনর্মিলনের পরে
আলদির (সস্তার সুপার স্টোর) সামনে বিরাট লম্বা লাইন।
উত্তেজিত পূর্ব বার্লিনার - এ যে দেখি কমিউনিস্ট জার্মানির র্যাশনের দোকানের মতন লাইন পড়েছে
পেছন থেকে পশ্চিম বার্লিনার - এখানে আপনাকে কেউ দাঁড়াতে বলেনি।
চৌদ্দ। দোকানের সামনে
দুজনে কথা হচ্ছে
- আমি তিন মাস অন্তর তেল বদলাই।
- কোন গাড়ি চালান যে তিন মাসে একবার তেল বদলাতে হয়?
- আলু ভাজার দোকান চালাই। (পমেস ফ্রিতেস / ফরাসি ফ্রিতেরি)
পনেরো। ট্রেন
মহিলা - ট্রেনটা কি ছেড়ে দিয়েছে?
টিকিট কলেকটর - আজ্ঞে হ্যাঁ, আপনি কি ভাবছেন দু’পাশের বাড়িগুলি টেনে নিয়ে যাওয়া হচ্ছে?
ষোলো। ট্রেন
হন্ত দন্ত ধাবিত যাত্রী
- উলমের ট্রেনটা কি ধরতে পারি?
- যদি দৌড় লাগান; পাঁচ মিনিট আগে সেটা ছেড়ে গেছে।
সতেরো। ট্রেন
- ফরতসহাইম যাবার পরের ট্রেন কখন?
- পাঁচ মিনিট বাদে ইন্টার সিটি, পনেরো মিনিট বাদে এক্সপ্রেস, আধ ঘণ্টা বাদে ধীরগতি প্যাসেঞ্জার ট্রেন। শেষেরটাই ধরে নিন।
- কেন?
- কারণ একমাত্র সেটা এখানে থামে।
আঠারো। পথে মদ্যপ
মাতাল হুমড়ি খেয়ে পড়ে গেছেন
- আহা, হাড় ভাঙেনি তো?
- না, সেটা ভাঙবে পরের আছাড়ে।
উনিশ। মদ্যপ অভিনেতা
মঞ্চে নেমে অভিনেতা কথা খুঁজে পাচ্ছেন না, পাশ থেকে প্রম্পটার খেই ধরানোর দুর্বার চেষ্টা করে চলেছেন। অত্যন্ত বিরক্ত হয়ে অভিনেতা বললেন, কানের কাছে ডায়ালগ শোনালেই হবে? এটা কোন নাটক সেটা বলবেন তো?
কুড়ি। নাটক শেষে
হ্যামলেট নাটকের অসম্ভব বাজে অভিনয় দেখে দর্শক ক্ষিপ্ত, হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুঁড়ছেন মঞ্চের দিকে।
হ্যামলেট চরিত্রাভিনেতা – জানি এ নাটকে খুন খারাবির শেষ নেই, নয় জন মরলেন। এতে
আমার কি দোষ কী বলুন তো? এই বাজে গপ্প কি আমি লিখেছি?
একুশ। চুল কাটার সেলুনে
হান্স - পোপের দর্শন পেতে রোমে যাবো।
নাপিত - কেন অনর্থক পয়সা নষ্ট করবেন? আমি হলে কখনো যেতাম না। পোপ এতোটা দূরে দাঁড়িয়ে থাকেন যে তাঁকে প্রায় দেখাই যায় না।
তবু হান্স গিয়েছে রোমে।
নাপিত - পোপকে দেখতে পেলেন? অনেক দূরে দাঁড়িয়ে থাকে না? ঠিক বলেছিলাম না?
হান্স - মোটেও না। আমি পোপের একেবারে সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছি।
নাপিত - তা তিনি কী বললেন?
হান্স - তিনি আমার মাথায় হাত দিলেন; বললেন ঈশ্বরের করুণা বর্ষিত হোক তোমার ওপরে, কিন্তু বলো দেখি এতো খারাপ চুল কাটাতে কার কাছে যাও?
বাইশ। চুল কাটার সেলুনে
কমিউনিস্ট পোল্যান্ড, আটের দশক। প্রেসিডেন্ট ইয়ারুইয়েলস্কির কঠোর রেজিমের বিরদ্ধে অগ্নিগর্ভ পোল্যান্ডের পথে ঘাটে তুমুল বিক্ষোভ। পরিস্থিতির বিবরণ সাক্ষাতে জানানোর জন্য প্রত্যেক মাসে রাশিয়ান রাষ্ট্রদূতের ডাক পড়ে মস্কোতে। এই সুযোগে তিনি আরবাত পাড়ার একটি সেলুনে যান চুল কাটাতে। নাপিত দিমিত্রি জানতে চায় পোল্যান্ডে কী ঘটছে। মানুষজন যে সিস্টেমের বিরুদ্ধে লড়ছেন সে খবর দিলেন রাষ্ট্রদূত। নাপিত বললে আমরা ভাবতেও পারি না কমিউনিস্ট সরকারের সঙ্গে এমন লড়াই সম্ভব হতে পারে, মাথার চুল দাঁড়িয়ে যায়। পরের মাসে রাষ্ট্রদূত আবার এসেছেন চুল কাটাতে। নাপিত আবার বলে, পোল্যান্ডের খবর বলুন, সবাই শুনুক। রাষ্ট্রদূত বললেন নতুন কিছু নয়, ঐ একই রকম। নাপিত বললে, আপনি একটু উঁচু গলায় বলুন না, সবাই শুনুক, চুল কাটতে আমার সুবিধে হবে।
তেইশ। চুল কাটার সেলুনে
রালফ দাড়ি কামাবেন।
নাপিত - আপনি আগে কি কখনো আমার দোকানে দাড়ি কামিয়েছেন?
রালফ - না, তবে আমার গালের যে কাটা দাগটা দেখেছেন সেটা গত যুদ্ধের।
চব্বিশ। অটোবান
মদ্যপান করে লোথার গাড়ি চালাচ্ছে উলটো মুখে। গাড়ির রেডিওতে শোনা গেল – সাবধান স্টুটগার্ট- কিরখহাইম অটোবানে একজন উলটো মুখে গাড়ি চালাচ্ছেন।
লোথার – একজন? অগুনতি ড্রাইভার!
পঁচিশ। লেভেল ক্রসিং
গেট নামানো। এক বাইক আরোহী লাইন পার হতে যাচ্ছে।
প্রহরী - একটু অপেক্ষা করুন, ট্রেনটা পার হয়ে যাক।
বাইক আরোহী - আমার কিছু হলে আপনার কী?
প্রহরী - আমাকে হাত নোংরা করতে হবে যে।
ছাব্বিশ। বক্তা ও বক্তৃতা
মঞ্চে দাঁড়িয়ে বক্তা বিড় বিড় করছেন, কথা খুঁজে পাচ্ছেন না।
সামনের সারি থেকে - কী এত ভাবছেন? যে টুকু জানেন, তাই বলে ফেলুন, এক মিনিটের
বেশি লাগবে না।
বক্তা - না, বরং আপনি ও আমি দুজনে যা জানি সেটাই বলি, তাতে তিরিশ সেকেন্ডও লাগবে না।
সাতাশ। বক্তা ও বক্তৃতা
অত্যন্ত নিচু কণ্ঠে বক্তা বলে চলেছেন।
পেছনের সারি থেকে একজন একটু জোরে বলুন, কিছুই শুনতে পাচ্ছি না।
সামনের সারি থেকে একজন - আমি তো সব কথাই বুঝতে পারছি। তবে যদি চান আপনার সঙ্গে সিট বদল করে নিতে আমার কোন আপত্তি নেই।
সবশেষে
গ্র্যান্ড কাউন্সিল, বার্ন, সুইজারল্যান্ড
- আমি এই বলে শেষ করতে চাই যে আমার আরও অনেক কিছু বলার ছিল। তবে যদি জানতাম সেটা কী!
*সূত্র স্টুটগার্টের ফরাসি মিত্রশক্তির কাছে মানফ্রেড রোমেলের সাক্ষ্য, ২৭শে এপ্রিল ১৯৪৫

Manfred Rommels gesammelte Witze
Zusammengestellt und herausgegeben von
Ulrich Frank-Planitz
Engelhorn Bücherei
Stuttgart 1999
পৃষ্ঠা সংখ্যা ১২৮
শব্দ সংখ্যা ১৩,০০০
পুনশ্চ
আর দুটো কথা
এরউইন রোমেলের মৃত্যুতে চার জন জেনারেলের ভূমিকা
জেনারেল হান্স স্পাইডেল (১৮৯৭-১৯৮৪) - রোমেলের চিফ অফ স্টাফ, বিশে জুলাই হিটলার হত্যা প্লটের চক্রী, ধরা পরার পরে জবাবদিহিতে তিনি রোমেলের নাম জড়ান। নিজে গেস্টাপোর হাত থেকে পালাতে সক্ষম হন, পরে পশ্চিম জার্মান সেনা বাহিনীতে বিশাল পদ প্রাপ্তি।
জেনারেল স্টুলপনাগেল (১৮৮৬- ১৯৪৪) - বিশে জুলাইয়ের প্ল্যানের সঙ্গে সরাসরি জড়িত; এক জবানবন্দিতে তথ্য প্রমাণ ছাড়াই রোমেলের নাম উল্লেখ করেন। ফাঁসিতে চড়েন।
জেনারেল মাইজেল (১৮৯৬-১৯৭৮) - যুদ্ধের পরে আমেরিকানদের হাতে ধরা পড়েন। কট্টর নাৎসি সহযোগী হওয়ার অপরাধে মাত্র দু বছরের সাজা হয়। তিনি স্বীকার করেন হিটলারের প্লট জানতেন, কিন্তু নিজের হাতে রোমেলকে সায়ানাইড দেননি। নির্জন জায়গায় গাড়ি থামিয়ে বুর্গডরফ তাঁকে ও ড্রাইভারকে নেমে যেতে বলেন, পাঁচ মিনিট বাদে এসে তিনি দেখেন রোমেল মৃত।
জেনারেল বুর্গডরফ (১৮৯৫-১৯৪৫) - মাইজেলের বিবৃতিকে যিনি চ্যালেঞ্জ করতে পারতেন সেই জেনারাল বুর্গডরফ বার্লিনের আত্মসমর্পণের দিন(২ মে ১৯৪৫) হিটলার বাঙ্কারে আত্মহত্যা করেন।