এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৮৭৯৩২ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishani | ১১ মে ২০১৩ ১৩:২৫508371
  • কী ফেলে এসেছি আজ ? স্বেচ্ছায় ? অনিচ্ছুক অপ্রেমে ? জীবন ? ভ্রান্তিবিলাস মাখা ভালোবাসা কিছু ? কী খুঁজছি ? শুধু অন্ধের মতো হাতড়ে হাতড়ে পেরিয়ে যাই, পালিয়ে যাই .নতুন করে শুরু ? বিচ্ছেদ কি সবার সয় ? রক্তমুখী নীলা ! রাতের ঝিলমিল আকাশে দূরাগত নক্ষত্রের ডাক . শহুরে নর্তকী-আলো ভাঙতে ভাঙতে ছড়িয়ে যায় ছায়া ছায়া অন্ধকারে . রাত গভীর হয় . স্বপ্নও বুঝি বা !

    স্বপ্নকথা
    ..............

    ১.

    স্বপ্নে স্বপ্নে নীল
    চাঁদের আলোয় হেঁটে যাই
    একা, একেবারে একা
    আর কী যে অকরুণ শাস্তি !
    ভোরের আলোর দেখা পাই
    সকলের চেয়ে আগে এবং অমোঘভাবে জানি
    কীভাবে দিনের শুরু
    কীভাবে যে
    রাতমুখে নেমে আসে
    এলোমেলো
    তারার ফুলকি মেশা
    অন্ধকারের ওড়নাখানি .

    ২ .

    স্বপ্নরা শুকিয়ে যায় কাঠফাটা রোদে
    যেভাবে ঝিমিয়ে থাকে ফুল
    রক্তপুঁজে বসে মাছি
    উড়ে যায়
    ক্ষতটি আমূল

    ৩ .

    স্বপ্নরা মাংসখণ্ড ; কীটগুলো চলে ফেরে বুকে
    কিছুটা বা নষ্টমন, নষ্টসুখ,
    নখের আঁচড় আঁকি মুখে
    ন্যুব্জদেহে বয়ে চলা ..কী দুর্বহ ভার সারাক্ষণ
    প্রতীক্ষার বিষকুম্ভ
    কখন প্রবল বিস্ফোরণ !
  • শ্ব | ১৩ মে ২০১৩ ০৯:৩৫508372
  • দ্য ভিসুয়াল অর্কেস্ট্রা #3
    ~~~~~~~~~~~~~~~

    প্রেম জিনিসটা আমাদের কাছে সেই পুরুষ বা মহিলার মত
    যার শরীর খুব সুন্দর এবং এইতো কাল মারা যাবে রোগে নয় দুর্ঘটনায়।
    যদি ভেবে দেখো একটু ভেবে দেখো তাহলে এইযে
    আমরা প্রতি মুহুর্তে নিঃশ্বাস ফেলছি এটাই একটা বিশাল বড় নাটক তাই নয় কি !

    এইযে আমি এখন হলুদ রং দেখছি এত হলুদ রং দেখছি এত এত
    এখন আমাকে যদি প্রশ্ন করা হয়
    আমি কী রং দেখছি তাহলে আমার কাছে তো কোনো উত্তর বেঁচে নেই তাই না।

    এখন তোমাদের মৌলিক সমস্যা টা হচ্ছে এই যে তোমাদের মৌলিক সমস্যা হলো এই যে
    তোমাদের কোনো মৌলিক সমসস্যা নেই। তাই
    তোমাদের পক্ষে বোঝাই সম্ভব না কী
    পরিমান পরমাণু বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রত্যেক টা পা তোলার তালে তালে !

    আমার চোখের প্রত্যেকটা নার্ভে সাম্বা সালসা থেকে মোহিনী অট্টম আর শুধু তাদের কেও ধরে ধরে
    টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে খুঁড়ে দিচ্ছে ভেঙ্গে চুরে ছড়িয়ে দিচ্ছে কোনায় কণায় আর
    শুধু ব্ল্যাক বোর্ডে থেকে যাচ্ছে রক্ত।

    এই এখানে বলে দিলাম আজ সবাইকে বলে দিলাম যে আমার সঙ্গে বড়বাবুর দেখা হয়
    এবংতিনি আমাকে পুরো ব্যাপারটা বলেন কিন্তু আমি আবার
    ফিরে আসার পথে সেটা ভুলে যাই। সেসবের তুলনায়
    তোমাদের এইসব জন্ম মৃত্যু ফিত্যু সব মৌরলা মাছ ভাজা কেও গুনে খায়নি কখনো।

    কেন এত লালশালু কেন কবি মানচুরিয়ান কোত্থাও কেও নেই কিছু নেই থাকা সম্ভব নয় এই আমি বলে দিলুম ! শুধু পেছনে আছে রাস্তা আর সামনে পেট্রল পাম্প।
    মাঝে মাঝে লিফট নেবে যুদ্ধ প্রেম অচাভুয়া পাখি। ।
  • Ishani | ১৩ মে ২০১৩ ১৪:৩২508374
  • সিঁড়ি
    ...............

    একটা কথা বলি, শোন খুকি
    জীবন কিন্তু বড় কঠিন রে মা
    আমার পায়ের নীচে কোনো আলোর সিঁড়ি অপেক্ষা করে ছিল না
    ফাটল ছিল, শ্যাওলা ছিল
    এমনকি লুকোচুরি খেলতে চাওয়া একটা ডানপিটে অশ্বত্থের চারাও
    ভাঙাচোরা, সিমেন্টের ফাঁকফোকরে তেঁতুলবিছে, কেন্নো
    বুকে হেঁটে ঘুরে বেড়াত আর আমার গা
    শিরশির শিরশির
    কুচো ইঁট , পাথর
    ধুলো ময়লারই কি ইয়ত্তা আছে ?
    তুই কি ভেবেছিলি খুকি ?
    তোদের ওই অস্কার মস্কার নাকি ফিলিমফেয়ারের হই হুল্লোড় ?লাল কার্পেট ?
    ছাই ! ওসব কিচ্ছু না !
    স্রেফ ফুটিফাটা এবড়োখেবড়ো সিঁড়ি সাজানো
    চারপয়সার রাজমিস্তিরি, কত আর ভালো হবে ?
    উদোম, হাঁ করা..দাঁত বের করে আছে সারাক্ষণ !
    বিশ্রী !!
    কিন্তু আমি ?
    কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি ভেঙেই চলেছি, ভেঙেই চলেছি...
    এই মোড় ঘুরলাম
    ওই দিকে একটু বাঁক
    যা:, সিঁড়ির আলোটা ঠিক মওকা বুঝে নিভে গেল !
    কী ঘুটঘুটে অন্ধকার রে বাবা ...
    শোন খুকি, পেছনে ফিরবি না মোটে
    পেছনে তাকাতে নেই
    ক্লান্ত হয়ে বসিস না যেন..
    সিঁড়িতে
    ছি :, সিঁড়িতে বসতে আছে ?
    ও তো শুধু ধাপে ধাপে উঠে যাবার জন্য
    একবার বসে পড়লে কিন্তু খুকি..
    আর মোটে উঠতেই পারবি না
    দেখিস, শ্যাওলায় আবার আছাড় খেয়ে পড়িস না যেন !
    দেখ তো, আমি কেমন তরতরিয়ে উঠে যাচ্ছি
    উঠেই যাচ্ছি...উঠেই যাচ্ছি.....
    পায়ের নীচের ওই ক'টা নড়বড়ে সিঁড়ি
    ভুলে যা খুকি, ভুলেই যা
    তোর সামনে জানবি ..শুধু..

    আলোর সিঁড়ি !
  • Ishani | ১৩ মে ২০১৩ ১৪:৩২508373
  • সিঁড়ি
    ...............

    একটা কথা বলি, শোন খুকি
    জীবন কিন্তু বড় কঠিন রে মা
    আমার পায়ের নীচে কোনো আলোর সিঁড়ি অপেক্ষা করে ছিল না
    ফাটল ছিল, শ্যাওলা ছিল
    এমনকি লুকোচুরি খেলতে চাওয়া একটা ডানপিটে অশ্বত্থের চারাও
    ভাঙাচোরা, সিমেন্টের ফাঁকফোকরে তেঁতুলবিছে, কেন্নো
    বুকে হেঁটে ঘুরে বেড়াত আর আমার গা
    শিরশির শিরশির
    কুচো ইঁট , পাথর
    ধুলো ময়লারই কি ইয়ত্তা আছে ?
    তুই কি ভেবেছিলি খুকি ?
    তোদের ওই অস্কার মস্কার নাকি ফিলিমফেয়ারের হই হুল্লোড় ?লাল কার্পেট ?
    ছাই ! ওসব কিচ্ছু না !
    স্রেফ ফুটিফাটা এবড়োখেবড়ো সিঁড়ি সাজানো
    চারপয়সার রাজমিস্তিরি, কত আর ভালো হবে ?
    উদোম, হাঁ করা..দাঁত বের করে আছে সারাক্ষণ !
    বিশ্রী !!
    কিন্তু আমি ?
    কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি ভেঙেই চলেছি, ভেঙেই চলেছি...
    এই মোড় ঘুরলাম
    ওই দিকে একটু বাঁক
    যা:, সিঁড়ির আলোটা ঠিক মওকা বুঝে নিভে গেল !
    কী ঘুটঘুটে অন্ধকার রে বাবা ...
    শোন খুকি, পেছনে ফিরবি না মোটে
    পেছনে তাকাতে নেই
    ক্লান্ত হয়ে বসিস না যেন..
    সিঁড়িতে
    ছি :, সিঁড়িতে বসতে আছে ?
    ও তো শুধু ধাপে ধাপে উঠে যাবার জন্য
    একবার বসে পড়লে কিন্তু খুকি..
    আর মোটে উঠতেই পারবি না
    দেখিস, শ্যাওলায় আবার আছাড় খেয়ে পড়িস না যেন !
    দেখ তো, আমি কেমন তরতরিয়ে উঠে যাচ্ছি
    উঠেই যাচ্ছি...উঠেই যাচ্ছি.....
    পায়ের নীচের ওই ক'টা নড়বড়ে সিঁড়ি
    ভুলে যা খুকি, ভুলেই যা
    তোর সামনে জানবি ..শুধু..

    আলোর সিঁড়ি !
  • Ishani | ১৩ মে ২০১৩ ১৪:৩৫508375
  • সত্যিই দু:খিত . কোনো অজানা কারণে দু'বার পোস্ট হয়ে গেছে . মার্জনা চেয়ে নিলাম.
  • অনুপম | ১৫ মে ২০১৩ ১৯:২৮508376
  • টেলিটিক্স...

    যাপিত দ্রোহ শ্বাস শহরের নাগরিক সভ্য নাভিতে
    কলঙ্কের রাজনীতি ব্যস্ত স্লো-পয়জনে
    কাদায় আটকেছে যত স্বপ্নের ফেরিওয়ালা
    ক্ষয়িঞ্চু লোভের মৌতাতে..!

    মেনে নেওয়া অসহ্য গলা ভাত আঁতকে উঠলেও
    বিকল্পহীনতার চড় পর পর পড়ছে
    ফাটা ত্বকের কসমেটিক্সে।

    যৌবন নেশায় বুঁদ টেলিটিক্সে..!
  • Lakshman Kumar Ghatak | ১৫ মে ২০১৩ ২০:৫৪508377
  • চত্বরে রূপান্তর
    লক্ষ্মণ কুমার ঘটক

    দ্বিমাথা বা তেমাথাগুলি
    ইদানিং বড্ড ছটফটে।
    দ্বিমাথা থেকে মাঝামাঝি সিঁড়ি টপকে
    সোজা চত্বরে রূপান্তর।
    সংখ্যা স্বল্পতা দেখা যায় আয়নায়;
    আয়নাগুলি আরো স্লিম হতে চাইছে,
    ডায়েট চার্ট হাতে হাতে,
    ডালপালা ছাঁটার মতো
    চৌমুহণী এখন এনক্লেভের পথে।
    পথও চিকাং-কিসা;
    এখনকার পথগুলো মুড়ির টিনকে চেনেই না,
    এই দু:খে সেদিন এক ট্রেইলার লাগানো জীপ
    কাঁদতে বসে।
  • শ্রাবণী | ১৬ মে ২০১৩ ১৭:১৪508378
  • গরাদ
    -----------
    বিদিশা সরকার
    ------------------

    দুর্বিষহ জেগে থাকা দুপুরের কথা
    মোজাইক মেশিনের মাথার ভিতর নরকযন্ত্রণাদায়ক
    শব্দকল্পদ্রুম !
    আর থেমে যেতেই কোকিলের স্পর্ধা বৃক্ষরোপণের কৃষ্ণচূড়া
    শিরিষকুঞ্জে
    ময়াল সময় ---- একটু বিষ ধার দাও ------- মরে যাই --
    আর ভাবতে ভাবতেই রিং টোন উধাও অর্থাৎ নির্বিষ পরিসেবা
    শব্দদূষণের কারখানায় ড্রিলিং মেশিন
    করোটি ফসিল চূর্ণ বিচূর্ণ ধুলিপ্রমান ---
    প্রমান করো সম্পাদ্য, উপপাদ্য, বৃত্তচাপ
    আর সেই চৌবাচ্চার জল, যা কি না একটা ছিদ্র দিয়ে
    আরেক চৌবাচ্চায় ---- আর্কিমিডিসের সূত্র --- সমোচ্চশীল উচ্চতা ---

    আর উচ্চতা থেকে ফিরে পাওয়া সম্বিৎ
    মশলামুড়ির -- বিষণ্ণ ভেলপুরি বিকেল
    পরিযায়ী ডানা ও ডানার কৌশল ---
    এ সবই ঝরা ফুল বা পাপড়ি, যাকে সুত্রবদ্ধ করতে গিয়ে
    বিফল দুপুর মাথা কুটছে নিজস্ব গরাদে।
  • Ishani | ১৭ মে ২০১৩ ১৯:৩৭508379
  • ভালোবাসার রক্ষাকবচ
    .......................................

    ভালোবাসার রক্ষাকবচ আলোমাখা বুঝি ? আর মনের যত অবিশ্বাস ঘোর কৃষ্ণছায়া ? নীল আলো, ঘাসফুল লুটিয়ে থাকে আমার পায়ে . ফিসফিসিয়ে বলে, "আছি তো. তোমার কাছেই আছি ." কুয়াশায় ঢাকে কুলতলী . আমি দাঁড়িয়ে, সহায়সম্বল আর কপর্দকহীন . আকাশের ঘরে কপাট খোলা . ভ্রূকুটিও খুব চাঁদমুখে . সমুদ্রকে টেনে আনে, ঠেলে দেয় জোয়ারে ভাঁটায় . বিশ্বাসে অবিশ্বাসে . দিগন্তের পুরনো গীর্জায়..সোনালি ঘন্টা রোজ..টুংটাং টুংটাং . মন্ত্র পড়ি . হাতে বাঁধি সুরক্ষাকবচ . আমার চোখ পড়ে চাঁদের চোখে . সাদা রেশমী পোশাকে উষ্ণীষে চাঁদ আজন্ম প্রেমিক . ছাইরং জ্যোত্স্নায় আমিও তো আশ্লেষে অধীর . চাঁদ বলে, 'আমি আছি, এই দেখো..তোমার পাশেই . " আমার কি পদস্খলন ? অবিশ্বাসে ? অনাস্থায় ? মেঘের ফুল ফোটে রাতের গভীরে . তারাগুলো জ্বলে, নেভে... দ্বিধায়, সন্দেহে . ধুমকেতু শুধু পায়চারী ...অস্থিরমতি যুবা এক. নষ্ট চাঁদ . বুনো চাঁদ . আমার রক্ষাকবচটি বেঁধে রাখি সংশয়ের কৃষ্ণ উপবীতে . আর বেঁচে থাকি...নীলকন্ঠী নারী, নাকি পাখি ?
  • মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায় | ১৭ মে ২০১৩ ২১:১১508381
  • বাই পাস সার্জারি
    মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়

    সমস্ত ট্রাম লাইন উপড়ে নিয়ে গ্যাছে।
    শহর-শরীর জুড়ে চেরা দাগ।

    সে রাতে দাদুকে স্বপ্ন দেখলাম;
    ভিস্তির পোষাক প’রে
    চেরা দাগে
    জল ঢালছে।
  • shrabani | ১৭ মে ২০১৩ ২২:০১508382
  • অন্য আকাশ
    ---------------
    বিদিশা সরকার
    -------------------

    (১)
    অনিবার্য অন্ধকারে ফিরে আসা
    এ- আকাশে নক্ষত্র দেখিনা
    বোধগম্য ততদূর দু-এক পায়ের বেশি নয়
    যারা আসে, হয়তো বা এসেও আসে না
    স্মৃতি থেকে বিস্মৃতির প্রয়োজন বুঝি
    যেতে চাও যাও
    মুঠো খোলা বিতস্তা গহ্বরে
    নুড়ি বয়ে নিয়ে আসে ধারাবাহিকতা
    ঘর ভাসে, ভেসে যাক দেখেও দেখিনা ---
    আলো জ্বালো কেন ? রক্ত দেখে ভয় পেয়ে গেলে ?
    সম্ভবত আমার সকাল তুমি এমন ভাবোনি --

    (২)

    অরণ্য পেরিয়ে এই জনারণ্যে লৌকিক ভাষায়
    বড়ো আনপড়
    তবু ওরা ডেকে নেয় গল্প করে জানতে চায়
    শ্বাপদ সংকুল অভিজ্ঞতা
    সব শুনে সারারাত আলো জ্বেলে রাখে।
  • sosen | ১৮ মে ২০১৩ ০৮:৫০508384
  • কবিতা পালিয়ে যাচ্ছে! লিখতে পারছি না।
    :(
  • swati | ১৮ মে ২০১৩ ১১:২৪508385
  • অন্ধকারেও কিছুটা আলো থাকে-
    সবটাই তার কালো তো নয়,
    আঁধার নইলে আলো বৃথা।
    শূণ্য বিনা পুর্ণতা সম্ভব, বলো?
    আজ শূণ্যটুকুই নিলাম-
    পূর্ণ সব তোমার জন্য থাক।
  • শ্রাবণী | ১৮ মে ২০১৩ ১২:০৫508386
  • শমীক, ডিলিট হয়না জানি তবু ডিলিট করার জন্যে অনুরোধ করব।
    আমি আসলে কবিতার থ্রেড দেখিনা তেমন, কোনটা কী জন্যে খেয়াল করিনি.........এত টইয়ের ভিড়ে আজকাল গুরুতে টই পড়াও দায় হয়ে গেছে!
    অসুবিধে করলাম বলে খুব খারাপ লাগছে, ডিলিট যদি করতে পারো, খুব ভালো হবে!
  • pharida | ১৯ মে ২০১৩ ২২:২৫508387
  • ১৯শে মে ২০১৩

    চলুক শব্দ বন্ধ জঠর
    জ্বলন্ত দিন তৃষ্ণাকাতর
    পরিত্রাণের স্বপ্ন ডাঙায় -
    মাছের মতোই ছটরফটর

    অনন্তময় প্রলয় পাথর
    দপদপে রগ এই প্রান্তর
    হাপর টানা বুকের খাঁচা -
    ধাতব শ্বাসে গুণছে প্রহর

    কখন তোমার সময় হবে?
    কে জন্মাবে পাথর ফেটে –
    বুকের মধ্যে নামবে শিকড়
    আগুন জ্বলা অসম্ভবে?

    মন্ত্র নামুক মন্ত্র ঝরুক
    সরীসৃপের কপাল জুড়ে
    শব্দ জঠর জাল ছিঁড়ে দিক
    বৃষ্টি নামুক হৃদয় ভরে।
  • pharida | ২১ মে ২০১৩ ২১:৫৯508388
  • ঝড়ের পূর্বাভাস

    অলীক বনগন্ধে বুঁদ হয়ে বাতাস স্থির হয়ে আছে
    সত্যিকার আমাকে দেখে ফেলে ফিরে গেছ তুমি
    শীতকাল নিয়ে চলে গেছ বলে এখনো মাঠে মাঠে
    খড়কুটো পড়ে থাকে, ভাবে হাওয়া এলে ধুলো
    ঝরে যেত – কচি পাতাটিও কাঁপে ঘুণধরা ডালে।

    কাদের বাড়িতে লোক আসে এত ঘন ঘন
    শামিয়ানা খাটে, ভিয়েন বসে কাদের বাড়িতে এমন
    রাতভর খানাপিনা চলে লোকজন আসে নাচে গায়
    জানি, আমার জন্য নয় এইসব দেখি আর ভাবি
    হাকুচ স্থির বাতাসের নিঝুম মত্ততা চেনাশোনা, তাও
    নতুন পাতার মতো লোকজন আমাদের গাঢ় পুরনো
    বাড়িতে আর ডাল ভাত মাছে আসবে না কক্ষনো
    কিছু জানি, তবু শুধু দেখে যাই যতক্ষণ চোখ যায়
    অলীক বনগন্ধে বুঁদ হয়ে বাতাস স্থির হয়ে আছে।

    - দেশ, ১৭ই মে ২০১৩
  • nina | ২২ মে ২০১৩ ০৫:৪১508389
  • বৃষ্টি নামল হৃদয় ভরে---
    চলুক চলুক--কবি---
  • sosen | ২২ মে ২০১৩ ১০:১০508390
  • বৃষ্টির শব্দ পড়ে। আচমকা, রোদ্দুর ছিন্ন করে।
    লোভ হয়। দুই হাতে দুটি শঙ্খ ধরে নিয়ে
    একলা প্রহর খোঁজা। লোভও নয়, কিছুটা আড়াল।
    কন্যাকুমারীর পার থেকে পারের পাথরে
    বয়ে বয়ে নিয়ে যাওয়া নরম পেঁজাটে দিন
    তার পর, এফ এমে "বিটুইন দ্য শিটস "
    আর ভঙ্গ বিকেলের কুঁচকানো চুলে মুখ গুঁজে
    চেনা চেনা গন্ধ খোঁজা। ডায়রির পাতা থেকে
    ভিজে ভিজে মুখ বাড়ায় সাতাশের পিচরাস্তা।
    বৃষ্টি এই এলো বলে। তাড়াতাড়ি বাড়ি আয় আজ।
  • শ্ব | ২২ মে ২০১৩ ১০:২০508392
  • ষান্মাসিক
    ~~~~~~

    "আমি কিছু জানিনা" -বলেই
    যদি চাদরে মুখ টেনে ঘুমিয়ে পরা যেত
    তাহলে অন্য কথা।

    কিন্তু তা যায়না বলে
    কিছু না জেনেও আমি অনেক কিছু জানি
    তুমি কিছু না বুঝেও অনেক খানি বোঝো।

    পাশের পরীক্ষার্থী কে "জানি না " বলা
    আসলে এড়িয়ে যাওয়া নাকি মিথ্যে ?
    এইসব সাতপাঁচ ভেবে,

    বুঝলে হে এযাত্রা সাদা খাতা জমা করে দিলুম। ।
  • কৃশানু | ২২ মে ২০১৩ ১০:২২508393
  • যথারীতি ভালো।
  • swati | ২২ মে ২০১৩ ১১:২২508394
  • দূরভাষে ভেসে আসা মুঠিভর শব্দে
    চেনা মুখ অচেনা হয়ে ভেঙে চুরচুর,
    বাতাসে লাট খায় ভোঁকাট্টা ঘুড়ির লাশ।
    একটু আড়াল খুঁজেছিল কি ঘুড়িটা
    মুখ থুবড়ে পড়ার আগের নুহূর্তে?
  • swati | ২২ মে ২০১৩ ১১:২৪508395
  • বানানটা ভুল টাইপ হল----****মুহূর্তে**** হবে।
  • sosen | ২৬ মে ২০১৩ ১৭:২৪508396
  • একটু বিকেল আর কিছুটা অনর্থশৈশব
    অথচ এড়ানো গেলনা। যে তুমি বার বার ফোনের পাতায় উঠে আসো
    সাবলীল
    হঠাত হিংসেয় নীল হলে তাকেই ভয় লাগলো খুব
    গলার শব্দের কাছে খানিকটা আঠা মেখে থাকলো
    জড়ানো ঘুমল স্বর, নিজঝুম, আসলে তো

    সবটাই মেঠো দ্বিচারিতা।

    বালির রেণু ঘষতে ঘষতে
    গায়ের পুরনো ত্বক উঠে যায়, আর
    পার্লারে মিঠে হাসে আরামকন্যকা উদাসীন

    আমি আর কি করে বা বলি
    স্খলিত এ চামড়ায় লেগে আছে মিথ্যে, আর
    রক্তের আঁশটে গন্ধ, কাগজের প্রতিশ্রুতি ভুল

    ওই জলে হাত ডোবালেই
    কর্কট উঠে আসে মধ্যদেহ বেয়ে
    নিভৃতের রাত্রিবারান্দায়

    অসুখ ছড়াই, তাই চুপ করে থাকি
    অপরাধী
    যেমতি ঘুমিয়ে থাকে, যক্ষ্মা, কোন নিভৃত কন্দরে দীর্ঘদিন।
  • শিবাংশু | ২৭ মে ২০১৩ ১১:৪৪508397
  • সুখ

    পীরিত যাহারই হোক
    স্বপ্নে থাকা ভালো

    অভাবের রান্না ঘরে
    বঁধুয়ার প্রেম শেখে
    কথার আড়াল
    যতোটা কাব্যে লেখে

    যেভাবে জড়ালো
    আকুল শরীর আর
    এলোমেলো আশ্লেষ
    মাঝরাতে

    সেখানেও তেপান্তর
    বেসুর শ্রীকৃষ্ণকীর্তন

    বিষাদসঙ্গীতই শেষে
    হৃদয় ভরালো ....
  • swati | ২৭ মে ২০১৩ ২৩:১৯508398
  • ইরেজার---

    শেষ নেই, শুরু দেখা যায় না-
    আবছায়া ছবি ছবি সাঁকোটার
    মাঝখানে কিছুমিছু দিন
    রুপালি হাওয়ায় দোলে।
    ওপারের হাতছানি আকাশ
    দিন বদলে ফেলে দ্রুত
    উজ্জ্বল থেকে নীরব ধূসর,
    ধূসর থেকে এক শূণ্যতায়।
    নাঃ, একদম ভুল বললাম-
    শূণ্যতায় ব্যথা হয়ত থাকে
    কিন্তু অবহেলা থাকে না,
    শূণ্যতা আত্মস্থ করে সব
    তবে মুছে কিছু ফেলে না।
    সত্যি শূণ্যতা হতে পারলে
    অন্তত ছেঁড়া ক্যালেণ্ডার হয়ে
    সাঁকোটা লাট খেত দেওয়ালে,
    তার বদলে কাপুরুষোচিত
    ইরেজারের ছোট ছোট স্ট্রোকে
    ছবিটা মুছে দেবার প্রয়াস।
    সাঁকোটা তো মুছে যাবে ঠিক-
    তবে চিহ্ন কিছু রয়ে যাবে
    আঘাটার নোনা এই পারে,
    কি দিয়ে মুছবে তাকে?
  • অনিকেত পথিক | ২৯ মে ২০১৩ ১৬:৫৯508399
  • জিরাফ
    -----
    সরাসরি স্বীকার করাই ভাল যে এযাবৎ আমার কোন নিজস্ব ভাষা নেই
    পোষা কুকুর ছানার সঙ্গে আমি ওর বন্ধুর ভাষায় কথা বলি আর
    অফিসের বড়বাবুর সঙ্গে বশংবদ ভৃত্যের ভাষা ও ভঙ্গীতে
    পাড়ার মস্তান হোক কিম্বা মেয়ের দিদিমনি
    কথা বলতে বলতে খেয়াল হয় এ ভাষাও আমার নয়
    কোথায় শিখেছিলাম কার কাছে কবে প্রথম মনে করতে
    পাতা উলটে চলে যাই স্বরলপি থেকে বর্ণপরিচয় পর্যন্ত
    যাবতীয় মাইলস্টোন পেরিয়ে এসেও তোমার চোখের দিকে তাকিয়ে
    দেখি বোঝাতে পারিনি কিছুই কিন্ত নিশ্চিৎ বুঝতে পারি
    আমার জিরাফজন্ম আজও শেষ হয় নি। ।
  • pharida | ২৯ মে ২০১৩ ২০:২২508400
  • অসাধারণ।
  • Ishani | ২৯ মে ২০১৩ ২১:৫৫508401
  • অনিকেত পথিক,

    " এতদিন কোথায় ছিলেন ?"
  • pharida | ৩০ মে ২০১৩ ০৭:২০508403
  • অনিবার্য

    যখন অনিবার্য কথা রাস্তা আড়াল মুখোমুখি ধাক্কা লাগে
    শেষ বিকেলের দমকা আলো মুখের ওপর পড়লো চোখ ধাঁধিয়ে
    ফেলে আমায় যায় এগিয়ে ঘরমুখী সব মানুষ গাড়ি ঘরঘরিয়ে –

    কিম্বা যখন বাড়ি ফিরে, চোখে মুখে জল ছেটাতে আয়নাতলায়
    রাস্তা গুলো ধুলো পায়ে পিছু নিয়ে বাড়ির মধ্যে চলে এসেছে
    ফর্সা মেঝে নানান মাপের পায়ের ছাপে কুন্ঠাবোধে বিপর্যস্ত-

    তখন আমার আর কিছু নেই, বদলে গেছে মুখের আদল শান্তিপ্রিয়
    খসে পড়ছে একের পর এক ঢেউয়ের চোটে পলেস্তরা একলা বাড়ির,
    শুকনো ডালেও ছটফটিয়ে ঠুকরে রক্তক্ষরণ দেখে দামাল পাখি

    কোথায় তখন মুখ লুকোবো, কোথায় পাব ছায়া-ডাঙা
    যখন এমন হাতের আঙুল আলগা হল
    শিকড় ছাড়া বইয়ের পাতা উড়ে বেড়ায় ইতস্ততঃ
    প্রখর অনিবার্যতাময় যেমন তুমি দেখ আমায় বরাবরই অবিন্যস্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন