এক চমৎকার উজ্জ্বল শনিবারে জন চল্লিশ মানুষ এসে বাগান আলো করে গেলেন। তাঁদের সবার পরিচয় এই সামান্য প্রতিবেদনে দেওয়া সম্ভব নয়। এঁদের অনেকের সঙ্গে আমাদের এই পরিচয় ইতিমধ্যেই বন্ধুত্বে পরিণত হয়েছে। ইউক্রেনের যুদ্ধ একদিন শেষ হবে। তখনও আমরা এমনি বাগানে বা গৃহকোণে পাশা পাশি বসে গল্প করব। যেমন আইরিশরা বলে এই দুনিয়াতে অচেনা অজানা কেউ নয়, সবাই তোমার বন্ধু, এতদিন দেখা হয় নি শুধু। ... ...
কার্ল-হান্সের সঙ্গে পুতিনের প্রথম সাক্ষাতের দিন সে তার রাশিয়ান ফলাতে গিয়েছিল। তাকে রীতিমত চমকে দিয়ে পুতিন পরিষ্কার জার্মানে জবাব দিয়েছেন। কার্ল- হান্স অবশ্য তাঁর অ্যাকসেন্ট শুনে খুব মজা পায়। পুতিনের জার্মান জাখসেন প্রভাব দুষ্ট - যে উচ্চারণ আমি স্টাডরোডার হাইকে ও তার পরিবারের লোকজনের মুখে শুনেছি। ওই যে কয়েক বছর পুতিন ড্রেসডেনে ছিলেন, এটা সেই সংসর্গের ফল! কার্ল-হান্স খাঁটি প্রাশিয়ান - তার মতো পরিশীলিত জার্মান খুব কম লোককে বলতে শুনেছি। সভ্য সমাজে সোয়েবিশ হেসিশের মতন জাখসেন ডায়ালেকটকে একটু নিচু নজরে দেখা হয়। ... ...
ইউক্রেনের যুদ্ধ শুরু হবার আগেই রোদিকা গিয়েছিল কি কি দান এই সব দাতব্য প্রতিষ্ঠান গ্রহণ করতে পারে সে তথ্য সংগ্রহ করতে। সে জেনে এলো আমাদের গ্রামের কোন চ্যারিটি শপ জামা কাপড় আর নেয় না। বেছে কুচে তারা যা দোকানে রাখে তা যদি এক মাসের ভেতরে বিক্রি না হয়, সেগুলো পুড়িয়ে সার হিসেবে ব্যবহার করা হয়। দোকানে মাল রাখার খরচা আছে। ইউরোপীয় ইউনিয়নে দুধের হ্রদ, মাখনের পর্বত জেনে এসেছি – দুধ ফেলে দেওয়া হয়েছে, স্তূপীকৃত মাখন নষ্ট করা হয়েছে। চাষি তার দাম পেলো কিন্তু সেটা বাজারে গেলে দর কমে যাবে যে। মনে হয়েছে ক্ষুধার্ত আফ্রিকায় কি পাঠানো যেতো না? এই মহান ইউরোপীয় ইউনিয়নের ধ্যান এবং দর্শন অন্য মাত্রার। ... ...
জ্ঞানী ব্যক্তিরা বলেন খেলাধুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয়। কিন্তু এটাও তো সত্যি যুদ্ধ বাধানোর অপরাধে জার্মানি ১৯২৪, ১৯২৮, পশ্চিম জার্মানি ১৯৪৮ সালে, জাপান ১৯৪৮ সালে অলিম্পিকে যোগদানের অনুমতি পায় নি ; একই কারণে ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে জার্মানির দ্বার রুদ্ধ ছিল – একমাত্র বিশ্বকাপ যেখানে জার্মানি খেলেনি। রাশিয়ার আফঘানিস্তান দখলের প্রতিবাদে ১৯৮০র মস্কো অলিম্পিক বয়কট করে পশ্চিমের কিছু দেশ ; বদলা নিতে ওয়ারশ চুক্তির দেশ গুলি (ব্যতিক্রম রোমানিয়া) লস এঞ্জেলস অলিম্পিক বয়কট করে। ... ...
আপনি চান আপনার হাজার ডলার। রাশিয়া বলছে দেবো না বলিনি, রুবেলে দেবো বলেছি। আপনি নেবেন না। অতএব আপনি বাজারে খোঁজ খবর করলেন। যে বন্ডের কাগজটি আপনি যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন সেটা রাশিয়ানরা না হোক অন্য কেউ কি কিনবে? যাঁদের মারফত আপনি এই মহামূল্য বন্ডটি কিনেছিলেন সেই জে পি মরগান বা গোল্ডম্যান জাখসকে ফোন করলেন। অবশ্যই আপনার টাকা বাঁচল কি ডুবল তাতে এঁদের কিছু এসে যায় না। আপনি প্রাপ্ত বয়স্ক নিবেশক – চোখ খুলে, জান বুঝকে টাকা লাগিয়েছিলেন। এখন তাদের কাছে ঘ্যান ঘ্যান করলে তারা শুনবে কেন? তার মানে কি এঁরা হাত উলটে বসে থাকবেন? তা কখনো হয়? আপনি তাঁদের খদ্দের, খরিদ্দার প্রভুর সমান লেখা দেখেন নি কলকাতার দোকানে দোকানে? শ্যামবাজারে মায়ের সঙ্গে শাড়ি কিনতে গিয়ে কতবার দেখেছি। ... ...
চার্লি দুটি ছবি দেখালেন – বাবা মায়ের সঙ্গে তিন ছেলে মেয়ের, সুখের দিনের। তারপরে বললেন, এদের ঘর সংসার ছিল, বাড়ির সামনে পরশে গাড়ি না হোক, কাজ চালাবার মতন যান ছিল, আই ফোন না হোক, সস্তার চিনে আন্দ্রয়েদ ফোন ছিল। আপনার আমার মতন জীবন ছিল। বাবার কাছে খারকিভ স্টেশনে বিদায় নিয়ে এসেছে, সে বিদায় কি সাময়িক? কে বোঝাবে এই শিশুদের? ধন্য এই মায়েরা যারা বাঘিনীর মতো ছেলে মেয়েদের আগলে সামলে অদৃষ্টের সঙ্গে পাল্লা দিচ্ছেন (চ্যালেঞ্জিং দি ডেস্টিনি)। ... ...
নয়ই নভেম্বর উনিশশ উনননব্বুই : কাস্তে নয়, হাতুড়ি দিয়ে এমনকি খালি হাতে জনতা যখন বার্লিন বিভাজক প্রাচীরটি ধ্বংসের প্রয়াসে উন্মত্ত, ভ্লাদিমির পুতিন নামক এক কে জি বি অফিসার পূর্ব জার্মানির গোয়েন্দা এজেন্সি স্টাজিকে ফোন করে পাঁচ ট্রাক ভর্তি ফাইল আনিয়ে পেট্রল সহ তাতে অগ্নি সংযোগ করছেন। তার আগে অবিশ্যি (আপন ভাষ্য অনুযায়ী) মস্কোয় ফোন করেছিলেন। গভীর বেদনার সঙ্গে পুতিন বলেন, মস্কো নিশ্চুপ ছিল সেদিন। সেই পুতিন দশ বছরের ভেতরে রাষ্ট্রপতি হয়েই বলেছিলেন সোভিয়েত ইউনিয়নের বিনাশ বিংশ শতাব্দীর সবচেয়ে বড়ো ভূরাজনৈতিক বিপর্যয়। ... ...
ড্রেসনার ব্যাঙ্কে ট্রেনিঙের সময় কিছু মানুষের সঙ্গে আলাপ হয়েছিলো যারা কিশোর বয়েসে সারা রাত শুনেছেন শত্রু বিমানের, অ্যান্টি এয়ার ক্র্যাফট গানের, বোমার আওয়াজ। ভোরের আলো ফুটলে দেখেছেন নিজেদের, পাড়া পড়শির বাড়ির চাল, দেওয়াল উড়ে গেছে। রাস্তায় কলের পাইপ ফেটে জলের ফোয়ারা বইছে। সকাল হতেই শহরের পথে পথে পৌর সভার দমকল বাহিনী, ইলেকট্রিক মিস্ত্রি, কলের মিস্ত্রিরা বেরিয়ে পড়েছেন, পাইপ সারাচ্ছেন, বিদ্যুৎ সংযোগ করেছেন। নুরেমবেরগের হেলমুট বলেছিলেন বেলা নটার ভেতরে কলে জল আর ঘরের বিদ্যুৎ বাতি চালু হয়ে যেতো। জন জীবন প্রায় স্বাভাবিক! আমেরিকানরা দখল নেওয়ার পরে বোমায় বিধ্বস্ত নুরেমবেরগে এক মাস কলের জল বা বিজলি বাতি কোনটাই পাওয়া যায় নি। ... ...
ব্যাঙ্কাররা হরফান মউলা। কোনটাই ভালো ভাবে বোঝেন না। কিন্তু লোককে বোঝানো যে আমাদের কাজ নইলে ফি আসে কোত্থেকে? আমার খুঁজি সেলিং পয়েন্ট। এই বিশাল পরিমাণ ঋণের প্রস্তাব নিয়ে আমরা যখন লন্ডন ফ্রাঙ্কফুর্ট প্যারিসের বিভিন্ন হোটেলের কনফারেন্স গৃহে পথসভার আয়োজন করেছি তখন আমাদের গল্পটি এই- প্রমাণিত গ্যাসের সঞ্চয় বহু ট্রিলিয়ন কিউবিক মিটার, সুদূর সাইবেরিয়া থেকে চেক বা ইউক্রেন অবধি গ্যাস পাঠানো হয় তাদের নিজস্ব পাইপ লাইনে, ইউরোপে সেই গ্যাস কেনার জন্যে হামলে পড়েছেন খ্যাতনামা কোম্পানিরা যাদের সঙ্গে তাবৎ ইউরোপীয় ব্যাঙ্কের নিত্য ওঠা বসা। তৎকালীন হিসেবে এই বিরাট অঙ্কের অর্থ যোগাড় করতে আমাদের বিশেষ অসুবিধে হয় নি। ফ্রাঙ্কফুর্টে সেই ঋণে সই সাবুদের অনুষ্ঠানে কলার উলটে ঘোরাঘুরি করেছি। ... ...