সূর্য অস্ত যাওয়ার ঠিক পরে,
উন্নতশীষ বটগাছখানা ধ্বসে পড়ল হঠাৎ।
এতক্ষণ দাঁড়িয়ে ছিল,
চারিদিক প্রকাশিত,
অবকাশ ছিল অনেক,
তার ঝরে পড়া,
ধরা পড়ে যেত ফাঁকি,অবহেলা সওয়া।
কিছুই ছিল না অবশেষ,
ভেতরের গুঁড়িখানা জর্জর,জীর্ণ বহুকাল,
শুধু বাইরের বাকলের আবরণ ছিল টিকে।
তাতে ঝুরিগুলো আবছায়া নিয়ে,
একটু একটু করে অনেকখানি আড়াল করেছিল কবে থেকে।
স্নায়ু বিকল হল আজ দুপুরে -
তারপর আর কিচ্ছু ছিল না বাঁচানোর,
লজ্জা ছাড়া,আর একটু আশা -
না এর পরেও ঠিক হয়ে যাবে।
হল না।
মরে যেতে হল।
কাউকে দেখানোর নেই,
চিৎকার,সমবেদনা,সহানুভূতি সব অসার।
মুক্তি চাই শুধু,নিঃসঙ্গ,নিঃশব্দ মুক্তি।
এরা দিতে পারবে না কেউ।
তাই রাতের অপেক্ষা করা।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।