নিমো গ্রামের গল্প : পাঠ প্রতিক্রিয়া : সোমঋতা রায়
বুলবুলভাজা | পড়াবই : বই পছন্দসই | ১৯ জুন ২০২২ | ২৩৫৮ বার পঠিত
ইতিহাস তো অনেক রকম হয়, এই গল্পগুলোও কিন্তু একটা সময়ের সাক্ষী হয়ে থেকে গেল। নিমো গ্রামের বিবর্তনের কথাও ধরা পড়ে কিছু কিছু গল্পে, যেমন 'যাত্রা' গল্পে। গ্রামও বারবার তার চরিত্র বদলায় সময়ের সঙ্গে সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকার সময় কী কী পরিবর্তন এসেছিল সেটার কথাও উঠে আসে বিভিন্ন গল্পে। তবে বেশিটাই প্রচ্ছন্ন ভাবে। আবার এটাও ঠিক যে অনেক কিছুই বদলায় না। যেমন বন্ধুত্ব, লোককে বাঁশ দেওয়া, দরকারে এক জোট হওয়া এবং ঘটিদের আলসেমি। গল্প গুলো পড়তে পড়তে মনে হচ্ছিল জীবনে খুব স্ট্রেস হলে কয়েকদিন নিমোতে গিয়ে এই মানুষগুলোর মাঝে থেকে আসব। জীবন দর্শনটাই অন্য লেভেলের এদের অনেকের। অবশ্য অনেকেই নিশ্চই এসব দর্শন-টর্শন মাড়ান না।