আমাকে কেউ কোনোদিন খুব ভালোবাসেনি,কেউ আমার নাম বুকে লিখে প্রমাণ করার চেষ্টা করেনি,
সে আমাকে কতটা ভালোবাসে।
কেউ কেউ আলগোছে একটু অভিনয় করেছিল,
কেউ অবেলায় খাবার বাসি হয়ে যাওয়ার ভয়ে যেমন খেয়ে নেয়,
সেভাবেই আমাকে বেছে নিয়েছিল।
আমি বরাবরই বাহুল্য।
এমন নয় আমার বন্ধু নেই,
প্রেমিকা নেই।
কিন্তু সবাই আমায় ভুলে যায়,
প্রেমিকারা অন্যের হাত ধরে চলে যায় নির্দ্বিধায়।
আমি শুধু পেছনে ছুটে মরি,
জিজ্ঞেস করি,
শুধু একবার বলে যাও,
"কেন?"
কোনো উত্তর আসে না।
আমি প্রাণ ঢেলে ভালবেসেছি,
আমি উপেক্ষা করে দেখেছি।
কিন্তু কিচ্ছু হয়নি।
কারো হৃদয়ের ঘরে শুধু আমার মূর্তি থাকেনি,
শুধু আমায় ভালোবেসে কেউ শহীদ হতে চায়নি।
এখন আমি একা বসে থাকি,
পিঁপড়ে এসে দাবি করে স্থান,
কখনো কেঁচো,শেয়াল,কুকুর,বর্ষায় উদবিড়াল।
আমি ছেড়ে দিয়ে সরে বসি,
আবার কেউ দাবি করে,
আর একটু সরে বসি।
কেউ কেউ লোভ দেখায় ভালোবাসবে খুব,
কিন্তু আমি শুধু একবার হেসে ফেলি,
ওদের মুখটা দেখি একবার।
তারপর বলি পাশে বসো,
একটু সহ্য করো।
কেউ পারেনি।
আমাকে কেউ কোনোদিন খুব ভালোবাসেনি,
আমাকে ভালোবেসে কেউ কোনোদিন শহীদ হতে চায়নি।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।