ফসিল্স ---- বাংলা রকগান : ইশান, সোমনাথ ও রজত
বুলবুলভাজা | আলোচনা : গান | ১৫ জানুয়ারি ২০০৭ | ১৯৭৯ বার পঠিত
উনিশশো নব্বইয়ের গোড়ায় সুমন চট্টোপাধ্যায় যখন তাঁর ব্যারিটোন কন্ঠস্বর সমেত একা একটি আস্ত মঞ্চ জুড়ে আছেন, বোঝা ক্রমশ: কঠিন হয়ে যাচ্ছে, স্টেজে কলকাতার সফলতম একক অভিনয় হচ্ছে, না শুধু একখানি গান, ফসিল্স তখন কোথায়? গলা নয়, সুমনের গোটা শরীর দিয়ে যখন চুঁইয়ে পড়ছে ভদ্রলোক মধ্যবিত্তের জীবন কাহানিয়া, জীবন ও যৌবন, যৌনতা ও ফ্রাস্টেশন, যখন উচ্চারিত হচ্ছে "ভিডিয়ো ক্যাসেটে আর নিল সোফাসেটে বসে মিঠে খুনসুটি' ফসিল্স তখন হরিদাসের ডানার সুপ্তিতে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। চুলোয় যাক এই ভদ্রজনোচিত রবীন্দ্রগান, এই বাস্তবধর্মী সুচারু অভিনয়শিল্প, এই সোচ্চার স্লোগান তখনও আস্তিনের আড়ালে। "এসব কি গান না জগঝম্প?' এই অভিযোগে এর পর একদিন কলামন্দিরের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে হরিদাসের ডানাকে, এবং আলোকিত মঞ্চে আসবেন অঞ্জন দত্ত -- সেসব তখনও ফিউচার টেন্স।