
আমাদের দেশে এখনও তেমন পর্যাপ্ত সমীক্ষা হয় নি এই নিয়ে। সন্তানের প্রতি অত্যধিক কেয়ার ও অত্যধিক প্রত্যাশা যে সন্তানের গলায়ই ফাঁস হয়ে চেপে বসে এর বেশ কটি উদাহরণ আমার কাছের পরিচিত ও আত্মীয়মহলেই দেখা।এঁদের কেউ কেউ নিজের পড়াশোনা, গান, কেরিয়ার সব ছেড়ে সন্তানের সাথে সর্বদা লেগে থাকেন, প্রতিটি ক্রিয়াকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেন এবং প্রত্যাশামাফিক না হলেই অনর্থ বাধান। কেউ বা আবার তেমন কিছু ছাড়েন নি, মানে প্রথম থেকেই নিজের জন্য তেমন কোনও ভুবন গড়ার চেষ্টাই করেন নি, সন্তান ও তার/তাদের ভবিষ্যতই তাঁর নিজস্ব ভুবন ধরে নিয়েছেন। এইবার সন্তান যত বড় হতে থাকে ততই তার ওপরে এই আকাশচুম্বী প্রত্যাশার বিরূপ প্রতিক্রিয়া হতে থাকে। ... ...

অনেকেই প্রশ্ন করেন, কেন সন্তান চাই না। আমরা বর্তমান পৃথিবীকে একটা শিশুর জন্য যথেষ্ট সুস্থ ও নিরাপদ মনে করি না। তাই আমরা সন্তান চাই না। আমরা যখন জন্মেছিলাম তখনও পৃথিবী সুস্থ ছিল না, কিন্তু সেই সিদ্ধান্তে আমাদের কোন হাত ছিল না। যেটা আমাদের হাতে আছে আমরা বড়জোর সেটুকু করতে পারি। আমরা না জন্মালেও পৃথিবীর কোন ক্ষতি ছিল না। পৃথিবী তার মত চলত, অথবা চলত না। আরো অজস্র পৃথিবীর মত গ্রহ আছে ব্রহ্মাণ্ডে যাতে প্রাণ নেই। তারাও সুন্দর। অবশ্য চেতনা না থাকলে আর সুন্দরই বা কি! এসব দার্শনিক কথা থাক। নিতান্ত বস্তুতান্ত্রিক ভাবনাতেও দেখতে পাই মানুষজন্ম কেমন একটা অনর্থক ব্যাপার। এত বেশি মানুষ হয়ে গেছে পৃথিবীতে, না আছে পর্যাপ্ত খাবার, না আছে পর্যাপ্ত জমানো সম্পদ। সোজা কথা সোজা ভাবেই বলি। ছোট থেকেই শিখেছি খুব ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি করতে হবে, তারপর একটা ভালো বিয়ে, সন্তান এবং তাদের প্রতিপালন। এই জিনিসগুলোর একটাও এমন লোভনীয় নয় যে তার জন্য জীবনভোর প্রাণপাত পরিশ্রম করা যায়। যারা পারেন তারা করেন। আমরা আরো একটা মানুষকে তার মতামত ছাড়াই নিয়ে এসে এই বোঝা চাপিয়ে দিতে চাই না। আর মতামত নেওয়ার তো কোন উপায়ই নেই। একটি শিশুকে জন্ম দিয়ে তাকে তো আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করা সম্ভব নয়, তুমি কিভাবে বড় হতে চাও জানাও। নিজেদের মত তার ওপর চাপাতেই হবে, এমনকি তার মধ্যে এমন কিছু মতও থাকবে যা নিজেদেরই নীতিবিরুদ্ধ। যেমন ধরা যাক, বন্ধুস্থানীয় ভারতীয় বাবা-মায়েরা যেভাবে গেটেড কমিউনিটিতে বাসা বেঁধে গেটেড স্কুলে পড়শোনা করিয়ে যতখানি সম্ভব নোংরা পৃথিবীর ছোঁয়া বাঁচিয়ে বাচ্চা মানুষ করেন, সেটা আমাদের একান্তই অপছন্দ। একটু সমালোচনাই করলাম। তবে এটাও জানি, নিজেদের বাচ্চা থাকলে আমরাও এই পথই নিতাম। আরেকটি মানুষের জীবন নিয়ে বাজি লড়ার সাহস আমাদেরও হত না। আমরা জানি, আপনারা নিরুপায়। ... ...

কিন্তু শুধু এইভাবেই কি অপ্রমাণ করা যায় যে তোমার শরীর এইসময় অনেকগুলো অবশ্যম্ভাবী পরিবর্তনের চক্করে পড়ে, এখন তার বিশেষ বিশ্রাম চাই, বিশেষত ঐ সকালের গা গুলিয়ে ওঠা আর হরমনের উথালপাতালের সময়গুলোতে। এইসময় দাঁতে দাঁত চেপে প্রমাণ করতেই হবে নাকি যে নারীর সশক্তিকরণের একমাত্র রাস্তা হল নিজেকে প্রচন্ড সাহসী বলে প্রমাণ করা আর এমন ভাব দেখানো যে চারপাশে সব ঠিকঠাক চলছে, যেন এক্কেবারে আগের মতোই। ... ...

স্বামী তো অদ্ভুত আচরণ করছে, সে দেখল। অপারেশনের দিন দেখতে এল, তারপর কেমন বিচ্ছিন্ন হয়ে, অন্যমনস্ক হয়ে, কেমন যেন উদাসীন, বাড়ি চলে গেল, একটু মিষ্টি কথাও না বলে। গলা আটকে এল কান্নায়, মেয়েটির। বাচ্চাটা আমাদের দুজনের তো। তাহলে কেন আমাকেই শুধু থাকতে হবে ঠান্ডা সাদা এই নার্সিং হোমটায়। আর তুমি ভিতু আত্মীয়ের মত, অসুস্থা গিন্নিকে দেখে কাষ্ঠ হাসি হেসে চলে যাবে, তারপর পরদিন বলবে, সারা সন্ধে ছেলে বন্ধুরা তোমাকে ঘিরে রেখেছিল মালের আড্ডায়, কেননা, বাচ্চা হলেই গিন্নির প্রেম চলে যাবে, সব অ্যাটেনশন কেন্দ্রীভূত হবে বাচ্চার দিকে, তাই একলা হয়ে যাবে স্বামী, এই ভয়ে সে পারছিল না একা একা সন্ধেটা কাটাতে। ... ...

আগেই বলেছি মানবীর সংখ্যা লোক আদালতে নগণ্য। পিতৃতান্ত্রিকতা,অবরোধ, অশিক্ষা, গার্হস্থ্য হিংসার বাধা টপকে বাইরের পৃথিবীটা দেখা এখনো শহরের চৌহদ্দির বাইরে গ্রামেগঞ্জের বেশিরভাগ মেয়েদের কাছে স্বপ্ন। লড়াই করতে শিখবে কি ! নিজের ব্যবসা তো দূরস্থান। তাই হঠাৎ কাউকে তেমন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। যেমন গেল এবারে। আর কাকতালীয়ভাবে সেদিনটা ছিল ৮ই মার্চ। ... ...

যেভাবে বারবার 'পরিবেশ, বাস্তুতন্ত্র ধ্বংসকারী' ইত্যাদি হালকাভাবে বলে দেওয়া হচ্ছে – সেটাও খুব তথ্যের ওপর দাঁড়িয়ে নেই। পাওয়ার গ্রিডের বেশ কিছু ক্ষয়ক্ষতি রয়েছে, ডিটেলে ক্ষতির পরিমাণ লিপিবদ্ধও করা আছে। সেগুলো মূলতঃ যখন টাওয়ার বসানো আর তার লাগানো হচ্ছে, সেই সময়কার এককালীন ক্ষয়ক্ষতি। কিন্তু কোথাও এমন উদাহরণ নেই যে চাষের জমির ওপর দিয়ে হাই ভোল্টেজ লাইন গেলে সেখানে আর চাষ করা যায় না। বা ফসলের উৎপাদন মারাত্মক ব্যহত হয়, মাছ মরে যায় – ইত্যাদি ইত্যাদি। বরং এই অভিযোগগুলোর স্বপক্ষে একটাও প্রামাণ্য কেস স্টাডি নেই। সায়েন্টিফিক কমিউনিটির (যারা বিজ্ঞান গবেষণার কাজ করে) মধ্যে এরকম কোনো কনসেন্সাস বা ঐক্যমত্য তো দূরস্থান, 'একাংশের মধ্যে সিরিয়াস কনসার্ন' – এরকম কিছুও শোনা যায় না। গোটা পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ কিলোমিটার ব্যাপী হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন আছে। চাষের জমি, পুকুর, ভেড়ি – এসবের ওপর দিয়েই আছে বহু দশক ধরে। চাষ, মাছের ভেড়ি ধ্বংস হয়ে গেছে – এরকম অভিযোগ শোনা যায়নি। সত্যিই যদি যেত, যদি একটা অঞ্চলেরও বাস্তুতন্ত্র পরিবর্তিত হয়ে থাকতো গত পঞ্চাশ বছরে, তাহলে সেটার প্রমাণ থাকতো চোখের সামনেই। সেটা একটা উদাহরণ হয়ে যেত। কিন্তু শুধু অনুমানের ওপর ভিত্তি করে আমরা একটা প্রযুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমাদের চোখ কান সবসময় খোলা রাখা উচিৎ। পৃথিবীতে চাকা আবিষ্কারের সময় থেকে শুরু করে আজ অব্দি একটাও এমন প্রযুক্তি বোধহয় নেই যার কোনো পরিবেশগত কুপ্রভাব নেই। আর বিজ্ঞান, প্রযুক্তি – এই কথাগুলো শুনলেই সেগুলোকে অন্ধভাবে ভক্তি শ্রদ্ধা করারও কিছু নেই। ভবিষ্যতে যদি কোনো ক্ষতি সত্যিই চোখে পড়ে সেগুলোকে যথাযথ গুরুত্ব দিয়েই দেখতে হবে। ... ...

১৯৪৬ ও ১৯৭৮ সালেও টাকার ডিমনেটাইজেশন ঘটেছিল। তার ফলে কালো টাকা ও জাল টাকা নির্মূল হয়নি। বরং, সময়ের সঙ্গে বেড়েছে। ন্যাশনাল ইনস্টিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসির হিসাবমতো, ১৯৭৫-৭৬ আর্থিক বর্ষে কালো টাকার পরিমাণ ছিল জাতীয় আয় (জিডিপি) এর ১৫ থেকে ১৮ শতাংশ। ১৯৮০-৮১ তে তা বেড়ে হয় ১৮ থেকে ২১ শতাংশ। বর্তমানে কালো টাকা জাতীয় আয়ের ২৩ থেকে ২৪ শতাংশ। সুতরাং, তত্ত্বের পাশাপাশি সময়ের ধারায় বাস্তবেও এটা প্রমাণিত যে, ডিমনেটাইজেশন নীতি কালো ও জাল টাকার বিরুদ্ধে যুদ্ধ করার আদর্শ অস্ত্র নয়। তাত্ত্বিক দিকটা এবার একটু বিশদে দেখা যেতে পারে। আগেই বলেছি যে, কালো টাকা আসল অপরাধী নয়। আসল অপরাধী হল কালো কারবার। অনেকসময়ই ওয়েলথ, অ্যাসেট ও মানি, এমনকী আয়ও সমার্থক ব্যবহার হয়ে থাকে। অর্থনীতিতে এগুলির প্রভেদ গুরুত্বপূর্ণ। ওয়েলথ, অ্যাসেট ও মানি এই তিনটিই স্টক কনসেপ্ট অর্থাৎ, একটি সময়-বিন্দুতে এদের পরিমাপ করা দস্তুর। ... ...

৮ই নভেম্বর, ২০১৬ মোদিজি নোট বাতিলের ঘোষণা করেছিলেন। তারপর প্রায় ৪৫ দিন কেটে গেছে। খুব শিগগিরি ৩০ ডিসেম্বর আসতে চলেছে। দুটো কারণে ৩০ ডিসেম্বর তারিখ গুরুত্বপূর্ণ। প্রথমত, ৩০ ডিসেম্বরের মধ্যে সব বাতিল ৫০০ আর ১০০০ টাকার নোট ব্যাঙ্ক বা ডাকঘরে জমা করতে হবে। দ্বিতীয়ত, মোদিজি এক বিখ্যাত বক্তৃতায় দেশবাসীকে বলেছেন, আমাকে ৫০ দিন সময় দিন।1 ৫০ দিন পর যদি কোনো খামতি বা দুর্নীতি আমার কাজে পান, শাস্তি দেবেন আমায়। মাথা পেতে নেব। তো মোদিজির ৫০ দিনের মেয়াদ ৩০ ডিসেম্বরের আশেপাশে খতম হচ্ছে। এই ৪৫ দিন থেকে কী জানতে পারলাম? ৩০ ডিসেম্বরের পরই বা কপালে কী আছে? ... ...

এই লেখা যখন লিখছি, ইন্টারনেট তখন উত্তপ্ত আলোচনায় ব্যস্ত। তিরিশে নভেম্বর, দুহাজার ষোলোর যুগান্তকারী রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতবর্ষের সমস্ত প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত শোনানো হবে। সত্যিই তো, ক্ষতি কি? এতে যখন ক্ষতি কিছু নেই, তাহলে আলোচনাতেও ক্ষতি নেই। মূল আলোচনা শুরু করবার আগে দু-চার বাজে কথা বলে রাখা যেকোনো ভালো লেখার লক্ষণ। যেমন ধরুন, শোনা যায়, চীন-ভারত যুদ্ধ চলাকালীন, ভারতবর্ষের সমস্ত প্রেক্ষাগৃহে, নিয়ম করে জাতীয় সংগীত শোনানো হতো। এই নিয়মের চল নাকি ছিল সত্তর দশকেও। না, এ ধরণের কোনো রায় এর আগে কোনো আদালত না দিয়ে থাকলেও, সরকারবাহাদুর মাঝে মধ্যেই এজাতীয় নীতি বা নিয়ম তৈরি করে থাকে। বস্তুত, এই নীতি নির্ধারণের কাজ সরকারেরই, বা আরো স্পষ্ট করে বলতে গেলে, আইন সভার। নীতি নির্ধারণে কোনো ভুল হচ্ছেনা কিনা, এবং, নির্ধারিত নীতি না মানবার শাস্তি দেয়ার কাজ আদালতের। ... ...

এইসব অর্বাচীনদের লাল চোখকে ভয় পেয়ে তো আর প্রশ্ন না করে থাকা যায় না। প্রশ্ন করাই ভারতবাসীর স্বভাব। নচিকেতা যমকে পর্যন্ত প্রশ্ন করতে ছাড়েনি, আর জিভ কেটে দেওয়ার হুমকি দিয়েও ক্ষণার প্রশ্নবান থামানো যায়নি। তাই আসুন, কয়েকটা সোজা প্রশ্ন করি, তার সোজা উত্তর চাই। রাতারাতি কেন এত টাকা বাতিল করা হল? ... ...

ডিমানিটাইজেশন বা বিমুদ্রাকরণের যে নীতিটি সরকার আম জনতার ওপর চাপিয়ে দিলেন কালো টাকা উদ্ধারের নাম করে, তার নানাবিধ সমস্যা নিয়ে ইতোমধ্যেই প্রবল আলোচনা শুরু হয়ে গেছে। অধিকাংশ বিরোধী দল সংসদ থেকে রাস্তায় প্রতিবাদে সামিল। জনগণ অবর্ণনীয় কষ্টের মুখোমুখি। ব্যাঙ্ক কর্মী থেকে লাইনে দাঁড়ানো বৃদ্ধ মানুষ - শহীদের সংখ্যা আশি পেরিয়ে গিয়েছে। ... ...

ধার দেওয়ার জন্য বন্ধন ঋণ সংগঠন তৈরি করে দিয়েছিল। তারা ঘাড় ধরে টাকা আদায় করত – সুদ? জিগায়েন না কত্তা। বন্ধন নামেই গ্রামে এখোনো আতঙ্ক ছড়ায় – হপ্তান্তে বন্ধনের নাম শুনলেই বৌ-ঝিদের রক্ত হিম হয়ে যায়। গ্রামে বড় পুঁজি তাদের কাজ দেখে খুশ হয়ে ব্যাঙ্ক বানিয়ে দিয়েছে, যাতে তারা আরও বড় ভাবে গ্রামের টাকাটা লেপেপুঁছে আনতে পারে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ইন্দিরা-সিপিআই জামানার পরে গ্রামে ঢুকেও গ্রামীণ মধ্যবিত্তকে সেবা দেওয়া ছাড়া বড় পুঁজির খুব বেশি সেবা করতে পারে নি। ছোট ঋণ সংগঠনের শিশুমৃত্যুর হার খুব বেশি। বড় বড় কর্পোরেট চাকরি ছাড়িয়ে, বড় পুঁজি তাদের সেবা করা সেরা মাথাদের নিয়োগ করেছিল গ্রামের সম্পদ দখলে ছোট ঋণ সংগঠনে। বহু ছোট ধার দেওয়া সংগঠন থেকে সারভাইভ্যাল অব দ্য ফিটেস্ট থেকে বেছে নিয়েছে বন্ধনকে। খুব বেশি কেউ পারে নি – পারল একমাত্র বন্ধন। তারাই কর্পোরেটদের একমাত্র বাজি। ... ...

৫০০-১০০০ এর নোট বাতিল কেন ? মোদীর এবং সরকারী যুক্তি - ফেক ভারতীয় কারেন্সির মাধ্যমে সন্ত্রাসবাদী,ড্রাগ এবং আর্মস স্মাগলারদের মত সরকারবিরোধী কার্যকলাপের অর্থের স্রোত বন্ধ করে দেওয়া। ৭০ বছর ধরে চলে আসা কালো অর্থ ব্যবস্থার মাজা ভেঙ্গে দেওয়া ইত্যাদি। কিন্তু যদি ধরুন আমাদের নূতন নোট ছাপবার দ্বায়িত্ব সরকার এমন এক কোম্পানির ওপর ন্যস্ত করে যাঁদের ভারত সরকার ইতিমধ্যে পাকিস্তানে নকল ভারতীয় টাকা ছাপানোর কাজে সহায়তা করবার অপরাধে ব্ল্যাক লিস্টেড করে রেখেছে ? চমকে উঠবেন না ! পড়তে থাকুন, আপনার -আমার বিপদের কথা। ... ...

কালো টাকা উদ্ধার করা হবে কোথা থেকে? মানে কালো টাকাদের সাকিন কোথায়? মূলত তিন জায়গায়। এক, বিদেশে। সুইস ব্যাঙ্ক জাতীয় জায়গায়। ডলার বা ইউরোরূপেণ সংস্থিতা। দুই, এক্ষেত্রে সোনা, ফ্ল্যাট, জমি ইত্যাদি বহুরূপেণ সংস্থিতা। মানে বেহিসেবি টাকাগুলো এইসবে কনভার্ট করে নেওয়া হয় বা হয়েছে। তিন, বাড়িতে, বা লোকে যেমন বলছে কমোডে, বালিশের ওয়াড়ে নোট হিসেবেই। আরও সুবিধার জন্য ধরে নিই পাঁচশো-হাজারের নোটরূপে বিরাজিত। বোঝাই যাচ্ছে, সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য কেবলমাত্র তিন নম্বরটা। নিন্দুকেরা বলছে, শতাংশের বিচারে এই তিন নম্বরটা নেহাতই নগণ্য। কত? মাত্র ৬ শতাংশ!! আচ্ছা, ছেড়ে দিন। আমি নিন্দুকের কথা বাদই দিই। কালো টাকার এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা যেহেতু ধোঁয়াশাপূর্ণ। তাই বেকার কুযুক্তির অবতারণা হতে পারে। ... ...

কারা নগদে কেনাবেচা করেন? একটা অংশ অবশ্যই অসাধু ব্যবসায়ীরা, কেননা বৈদ্যুতিন কেনাবেচাতে রেকর্ড থেকে যায়। তবে অনুমান করা শক্ত নয় দুর্বল আর্থিক সামর্থের ক্রেতা বিক্রেতাদের “ক্যাশলেস ইকনমিতে” উত্তরণ হয় নি। তাঁরা ওই ৮৬%-এ আছেন। কেন এতো লোক নগদে কেনাবেচা করেন? কারণ খুব কম লোক ব্যাঙ্ক এ্যাকাউন্ট ব্যবহার করেন। মোট জনসংখ্যার প্রায় ৫৪%-এর ব্যাঙ্ক এ্যাকাউন্ট আছে। আবার মোট এ্যাকাউন্টের ৪৩ % সুপ্ত (ডরম্যান্ট) অবস্থায় পড়ে আছে। অর্থাৎ, মাত্র ৩০% লোক ব্যাঙ্ক এ্যাকাউন্ট ব্যবহার করেন। এদের মধ্যে একটা ছোট ভগ্নাংশের কাছে আছে প্লাস্টিক টাকা কিম্বা নেট ব্যাঙ্কিং। অর্থাৎ এক বিশাল সংখ্যাগুরু জনতা নগদ দিয়ে কাজকারবার চালাচ্ছে। যাদের কার্ড আছে তারাও অনেক কেনাবেচা নগদে করতে বাধ্য থাকেন। ক্রেডিট কার্ড থাকলেও খুব কম লোকই ক্রেডিট কার্ড দিয়ে পাড়ার বাজার থেকে তিন মুঠো পালং শাক কেনেন, বা রিক্সাওয়ালার ভাড়া চোকান। ... ...

প্রথমে কালো টাকা বা কালো ধন কাকে বলে তা পরিষ্কার হওয়া দরকার। কালো টাকা বা কালো ধন বলতে কিন্তু আমরা অজান্তেই দুটো পৃথক জিনিসের কথা বলি। একটা হলো কালো আয় অন্যটা কালো সম্পদ। কালো আয় হলো সেই আয় যা আয়করের আওতায় পড়া সত্ত্বেও তার ওপর কোনো কর দেওয়া হয়নি অথবা অবৈধ কারবার থেকে করা আয়। কালো সম্পদ হলো কালো আয় জমে জমে যে ধনসম্পদ হয়েছে সেটা। একজন মানুষ কার্যক্ষেত্রে প্রতি মুহূর্তে আয় করছে আর সেই আয়ের একটা অংশ জমে জমে হচ্ছে সম্পদ। যেমন কল থেকে যদি টিপ্ টিপ্ করে জল পড়ে সেই পড়ন্ত জল হলো আয় আর সেই কলের নিচে যে বালতিটা রয়েছে আর তাতে যে জল জমা হচ্ছে সেটি হলো সম্পদ। ... ...

দেশভাগের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অনেক দাঙ্গা, অনেক রক্তপাত, অনেক হানাহানির স্মৃতি। তার কিছু নথিভূক্ত, বেশির ভাগই নয়। যে হত্যালীলা ঘটে গেছে ১৯৪৭ সালে এই উপমহাদেশে, তার তুলনা বিশ্বের ইতিহাসে খুব কমই আছে। আর পুরোটাই ঘটেছে ধর্মের নামে। বেশির ভাগ ক্ষেত্রেই, নবগঠিত সরকারের অক্ষমতার ফল হিসেবে, কিংবা তাদের প্রত্যক্ষ সহযোগিতায়। দেশভাগের রক্তপাত বলতে আমরা মূলত পড়েছি এবং শুনেছি পঞ্জাব আর বাংলার কথা। এর বাইরেও, জম্মু-কাশ্মীর রাজ্যে নীরবে ঘটে গিয়েছিল ভয়ংকর সাম্প্রদায়িক হানাহানি, যে ইতিহাস প্রায় কোথাওই নিরপেক্ষভাবে নথিবদ্ধ করে রাখা হয় নি। বেদ ভাসিন নামটা আমাদের অনেকের কাছেই হয় তো সে রকম পরিচিত নয়। ইনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাশ্মীরি জার্নালিস্ট। শুধু জার্নালিস্ট পরিচয় দিলে এঁর জীবনের ব্যাপ্তির সম্বন্ধে সম্যক ধারণা করা যাবে না, সারা জীবন ধরে তিনি কাশ্মীর আর কাশ্মীরিদের জন্য প্রচুর কাজ করে গেছেন, ইন্টারনেটে একটু সার্চ করলে অনেক লেখাপত্র পাবেন। ভারত এবং পাকিস্তান, উপমহাদেশের দুটি টুকরোতেই তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। ভারত যখন স্বাধীন হয়, তখন তিনি হাইস্কুলের ছাত্র, সতেরো বছরের কিশোর এবং কাশ্মীরের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সারা জম্মু কাশ্মীর যখন সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে, তখন গুটিকয় শুভবুদ্ধিসম্পন্ন শান্তিকামী ছাত্র তাঁর নেতৃত্বে লড়ে চলেছিল শান্তির পক্ষে। নামকরা কাশ্মীরি দৈনিক কাশ্মীর টাইমসের তিনি সম্পাদক ছিলেন দীর্ঘ ছত্রিশ বছর – ১৯৬৪ থেকে ২০০০ সাল পর্যন্ত। গত বছর, সাতই নভেম্বর ২০১৫, ছিয়াশি বছর বয়েসে তাঁর দেহাবসান হয়। এই লেখাটি শ্রী ভাসিনের একটি পেপারের বঙ্গানুবাদ, যা তিনি পড়েন ২০০৩ সালে জম্মু ইউনিভার্সিটিতে, Experience of Partition: Jammu 1947 শিরোনামে। কাশ্মীর টাইমসের বর্তমান সম্পাদক, বেদ ভাসিনের কন্যা অনুরাধা ভাসিনের কাছ থেকে এই পেপারটির মূল লিখিত রূপ পাওয়া গেছে সম্প্রতি। মূল ইংরেজি পেপারটি এখনও পর্যন্ত অনলাইনে কোথাও পাওয়া যায় না। ... ...

সত্যি বলতে কি, আমাদের সম্পর্কের ব্যাপারে সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হল আমাদের ঘন ঘন চেহারা (ভূমিকা) বদলানোর প্রবণতা। বিশ্বের কাছে বেশির ভাগ সময়ে, আমরা সহোদর ভাই-বোনের মত; সারাক্ষণ বাবার নেকনজরে থাকার চেষ্টা করে যাচ্ছি যাতে বাবা বেড়াতে নিয়ে যায় কি একটা খেলনা কিনে দেয় কি আরো ভালো হয় যদি হাতখরচের পরিমাণটা একটু বাড়িয়ে দেয়। আর বাকি সময়ে আমরা বিবাহবচ্ছিন্ন দম্পতির মত, একসঙ্গে থাকছি, সারাক্ষণ পরস্পরের পেছনে লাগছি, পরস্পরকে দোষারোপ করছি যে কার জন্য একসঙ্গে থাকা যাচ্ছে না, কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছি না যে আমরা আর একসঙ্গে নেই আর সেইমত সমঝোতাতেও আসতে পারছি না। মনে হয় যেন আমাদের ভাগাভাগির ক্ষত এখনও এত জীবন্ত, এত যন্ত্রণাদায়ক যে আমরা যে ছেড়ে এসেছি তা ওরা মেনে নিতে পারে না, আর ওরাই যে আমাদের ছেড়ে আসতে বাধ্য করেছে আমরাও এটা মেনে নিতে পারি না। এইরকম একটা ক্ষেত্রে আমরা শুধু এই ভেবেই শান্তি পেতে পারি যে অন্যজনও আমার মতই আহত হয়েছে; সর্বপ্রকারে সেই চেষ্টা করাই এখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিৎ। ... ...

১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ঢাকা শহরে বাংলা একাডেমী আয়োজিত বইমেলায় ঘুরতে ঘুরতে দুটো ব্যানার হোর্ডিং-এর লেখা শ্লোগান পড়ে খুবই অনুপ্রাণিত হয়েছিলাম—“শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন”, “শুদ্ধ বানানে বাংলা লিখুন”। তখনই মনে কয়েকটা প্রশ্নের উদয় হয়েছিল। শুদ্ধ ইংরেজি বলা বা লেখার জন্য আমরা যতটা আগ্রহ বোধ করি এবং যত্ন নিই, বাংলা ভাষার ক্ষেত্রে তার অভাব কেন? আমরা সকলেই কি বেশিরভাগ সময় শুদ্ধ বাংলা বলি বা লিখি? অথবা ব্যাপারটা কি এরকম যে বাংলা ভাষায় সব রকম বানানই চলে, এবং, শুদ্ধতার কথা বলা এক রকম স্পর্শকাতরতা বা ছুতমার্গ? নাকি, আমরা যে অনেক সময়ই ভুল বলি বা লিখি তা নিজেরাও জানি না বলেই এই সব ভাবি? ... ...

যেখানে প্রথাগত সাংবাদিকতা ব্যর্থ,যুদ্ধের ময়দানে অনুপস্থিত, নির্দিষ্ট মিডিয়া হাউসের রাজনৈতিক অবস্থান অনুযায়ী খবরকে বিকৃত উপায়ে পরিবেশন করতে বাধ্য,সেখানে স্বাধীন আমজনতার সাংবাদিকতা এখন ভবিষ্যতের নূতন প্রহরী। নাজি জের্ফের মত এই সমস্ত স্বাধীন দেশপ্রেমী সাংবাদিকরা সংবাদের দুনিয়ায় গণতন্ত্র বজায় রাখছেন। রাষ্ট্র এবং রাষ্ট্রবিরোধীদের ভূমিকার তদন্তমূলক প্রতিবেদন প্রস্তুত করছেন। সরকার এবং বিদ্রোহীরা যাতে গণতান্ত্রিক অবস্থান বজায় রাখে এবং আরও স্বছ ভাবে কাজ করতে বাধ্য হয় তার জন্য নিরলস কাজ করছেন। আর মধ্য প্রাচ্যের এই নূতন মিডিয়ার দুনিয়ায় নাজি জের্ফ এক অনবদ্য ব্যক্তিত্ব। আজকের দুনিয়া যেখানে জনসেবা ক্রমশ ক্ষীয়মাণ এবং সাংবাদিকতার চরিত্র পরিবর্তিত হয়ে যাচ্ছে দ্রুত,সেখানে মধ্যপ্রাচ্যের এই সমস্ত স্বাধীন নাগরিক সাংবাদিকদের গ্রুপ, ক্রমে আরও বেশি বিশ্বস্ত, বেশি নিরপেক্ষ এবং প্রত্যক্ষ রাজনৈতিক মতামত গড়ে তোলার ক্ষেত্রে ক্রমশ নিজেদের জায়গা করে নিচ্ছেন। অন্তত মধ্যপ্রাচ্যে নাগরিক সাংবাদিকতা প্রথাগত মিডিয়ার জায়গা সক্ষম ভাবে প্রতিস্থাপিত করতে সক্ষম হয়েছে। নাগরিক সাংবাদিকতার এই হটাৎ বিস্ফোরণ সাময়িক কোন ঘটনা নয় বরং এইটাই ভবিষ্যতের ছবি হতে চলেছে। নাজি জের্ফ যেমন বলেছিলেন “To defeat us, they would have to shut down the Internet. And they can’t do that because all of them use the Internet.” ... ...